কারিগরিতে অর্ধেকের বেশি শিক্ষক পদ শূন্য: শিক্ষামন্ত্রী
কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনুমোদিত ১৫ হাজার ৮৪৪টি শিক্ষক পদের মধ্যে বর্তমানে ৮ হাজার ৪৮৬টি পদই শূন্য রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
আজ রোবার জাতীয় সংসদে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর পৃথক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ৫৪ শতাংশ শিক্ষকের পদই শূন্য রয়েছে। এসব শূন্য পদের ২ হাজার ২০৪টিতে প্রার্থী নিয়োগের সুপারিশ চেয়ে সরকারি কর্ম কমিশনে (পিএসসি) ইতোমধ্যে রিকুইজিশন পাঠানো হয়েছে।
তিনি বলেন, বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠানে ইনস্ট্রাক্টর (৯ম গ্রেড) ও জুনিয়র ইনস্ট্রাক্টর (১০ম গ্রেড) পদে বিসিএস (ক্যাডার ও নন-ক্যাডার) পরীক্ষার মাধ্যমে পিএসসি নিয়োগ দিয়ে থাকে।
মন্ত্রী জানান, ৪৫তম বিসিএসের মাধ্যমে পিএসসি ৯৭ জন ক্যাডার এবং ৩৪৯ জন নন-ক্যাডার শিক্ষক নিয়োগের সুপারিশ করেছে। পুলিশ ভেরিফিকেশন (তদন্ত) শেষ হওয়ার পর তাদের নিয়োগ দেওয়া হবে।
তিনি আরও বলেন, কিছু শূন্য পদ পদোন্নতির মাধ্যমে পূরণ করা হয়। তবে পদোন্নতিযোগ্য ৪ হাজার ১৩১টি পদে পদোন্নতি দেওয়া সম্ভব হচ্ছে না। কারণ বর্তমানে ফিডার পদগুলোতে (যে পদ থেকে পদোন্নতি হয়) কোনো কর্মী কর্মরত নেই।
মন্ত্রী সংসদকে আরও জানান, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে সাধারণ ধারার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুটি নতুন পাঠ্যবই—‘কারিগরি শিক্ষা’ এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ চালু করা হবে।