কক্সবাজারের মহেশখালী চ্যানেল থেকে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

কক্সবাজারের মহেশখালী চ্যানেলে মাছ ধরার একটি ট্রলার থেকে ৪ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। অভিযানে ৫ জন মাদক চোরাকারবারিকে আটক করা হয়েছে।

আজ শুক্রবার রাতে র‌্যাব-১৫ ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক ৫ জন হলেন— চট্টগ্রামের পটিয়া উপজেলার গোবিন্দখিল এলাকার রশিদ উল্লাহ (৪২), কর্ণফুলী থানার ৮ নম্বর ওয়ার্ডের লাইক্ষ্যার চর এলাকার বাসিন্দা আমানত করিম (৩৮), কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পূর্ব বোয়ালখালী এলাকার নাছির উদ্দিন (৩৬), ভিলেজার পাড়ার সাইফুল ইসলাম (২০) ও টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ উত্তরপাড়ার মো. ছৈয়দুর রহমান।

শেখ সাদী আরও বলেন, অভিযানে মাছ ধরার ট্রলারটি জব্দ করা হয়েছে। কিছু মাদক চোরাকারবারি কক্সবাজারের মহেশখালী চ্যানেল দিয়ে একটি মাছ ধরার ট্রলারে ইয়াবার বড় চালান নিয়ে আসছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় র‍্যাব। ট্রলারে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ইয়াবাগুলো পাওয়া যায়। আটক মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।