কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়কের বিরুদ্ধে দুদকের মামলা
ওষুধ ক্রয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়কসহ ৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার দুদক ঢাকা কার্যালয়ের উপসহকারী পরিচালক সহিদুর রহমান বাদী হয়ে কুষ্টিয়ার সিনিয়র দায়রা জজ আদালতে এ মামলা করেন।
মামলার বাদী সহিদুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযুক্তরা হলেন-২৫০ শয্যা কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. হাসানুজ্জামান, সাবেক অ্যাসিসট্যান্ট রিপেয়ার কাম ট্রেনিং প্রকৌশলী এ এইচ এম আব্দুর কুদ্দুস ও রাজশাহীর মেসার্স প্যারাগন এন্টারপ্রাইজের প্রোপাইটার জাহেদুল ইসলাম।
মামলার অভিযোগে বলা হয়, উল্লিখিত ব্যক্তিরা পরস্পর যোগসাজশে পূর্ব পরিকল্পিতভাবে ২০১৮-১৯ অর্থবছরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জন্য বাজার দরের চেয়ে বেশি দরে মেডিকেল যন্ত্রপাতি ক্রয় করে সরকারি ১ কোটি ১০ লাখ ৩৫ হাজার ৯৭০ টাকা আত্মসাৎ করে।
দুদক কুষ্টিয়ার সমন্বিত কার্যালয়ের আইনজীবী আল মুজাহিদ হোসেন মিঠু দ্য ডেইলি স্টারকে বলেন, 'আদালত মামলা গ্রহণ করেছেন। তবে, মামলার শুনানির কোনো তারিখ এখনও আদালত দেননি।'