চট্টগ্রামে মা ও ২ শিশু সন্তানের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের মুরাদপুরে একটি ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় মা, ছেলে এবং খাটের ওপর থেকে মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার সকালে মুরাদপুরের মোহাম্মদপুর এলাকার ইসমাইল কলোনির এসএস হাউস ভবনের চতুর্থ তলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এই ৩ জন হলেন- সুমিতা খাতুন, জান্নাতুন আইনুন (৭), সান বাবু (২.৫ বছর)।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সুমিতা খাতুনের স্বামী সোহেল রানাকে আটক করেছে পুলিশ।

সিএমপি উত্তর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আরাফাতুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৮ তলা ভবনের ৪ তলায় পরিবার নিয়ে বসবাস করতেন সোহেল রানা। তিনি পেশায় একজন ইউনানি হারবাল ব্যবসায়ী। পুলিশ ঝুলন্ত অবস্থায় মা এবং ছেলেকে এবং খাটে শোয়া অবস্থায় মেয়ের মরদেহ উদ্ধার করে।

এটি আত্মহত্যা নাকি হত্যা তা জিজ্ঞাসাবাদের পর জানা যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।