চট্টগ্রামে মা-বাবা-ছেলের মরদেহ উদ্ধার, ১ ছেলে আটক
চট্টগ্রামের মিরসরাই উপজেলার নিজ বাড়ি থেকে আজ বৃহস্পতিবার সকালে এক দম্পতি ও তাদের ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, এ ঘটনায় ওই দম্পতির বড় ছেলে সাদ্দামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
নিহতরা হলেন- মো. মোস্তফা সওদাগর (৭০), তার স্ত্রী জোৎস্না আক্তার (৫০) এবং তাদের ছেলে আহমেদ হোসেন (২৫)।
হেলাল উদ্দিন জানান, ওই দম্পতির বাড়ি জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় গ্রামে। স্থানীয়রা আজ ভোরে তাদের ৩ জনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। দম্পতির বড় ছেলে সাদ্দাম এটিকে ডাকাতির ঘটনা বলে দাবি করছেন। কিন্তু পুলিশ ডাকাতির কোন চিহ্ন খুঁজে পায়নি।
তিনি আরও বলেন, 'নিহতদের কুপিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু দম্পতির বড় ছেলে সাদ্দাম পুরোপুরি ঠিক আছেন। আমরা সাদ্দামকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছি। পারিবারিক কলহের ফলে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।'