জাল টাকার মামলায় পাপিয়াসহ ৪ জনের বিচার বিরুদ্ধে অভিযোগ গঠন
যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
আজ বুধবার ঢাকার মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-৬ এর বিচারক ফাতেমা ফেরদৌসের আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হয়।
আগামী ২১ নভেম্বর মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।
গত বছরের ২২ ফেব্রুয়ারি র্যাব পাপিয়া, সাবেক ছাত্রলীগ নেতা সুমন ও তাদের ২ সহযোগীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে। তারা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন।
ওই সময় তাদের কাছ থেকে ৭টি পাসপোর্ট, ২ লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ টাকার জাল নোট, ১১ হাজার ৪৮১ মার্কিন ডলার, ৪২০ শ্রীলঙ্কান রুপি, ৩০১ ভারতীয় রুপি এবং ২টি ডেবিট কার্ড উদ্ধার করা হয়।
র্যাব পরে পাপিয়ার ফার্মগেটের ফ্ল্যাটে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন, ২০টি গুলি, ৫ বোতল বিদেশী মদ, ৫৮ লাখ ৪১ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড উদ্ধার করে।
গত বছরের ২৩ ফেব্রুয়ারি বিশেষ ক্ষমতা আইনে ৪ জনের বিরুদ্ধে বিমান বন্দর থানায় মামলা করা হয়।
এর আগে, গত বছরের ১২ অক্টোবর অস্ত্র মামলায় এই দম্পতির ২৭ বছরের কারাদণ্ড দেন আদালত।