ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে অব্যাহতি পেলেন বেরোবি শিক্ষক মুনিরা

নিজস্ব সংবাদদাতা, দিনাজপুর

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যু নিয়ে ফেসবুকে পোস্ট 'আপত্তিকর' দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলা বিভাগের প্রভাষক সিরাজাম মুনিরা।

আজ সোমবার রংপুরের সাইবার ট্রাইব্যুনালের বিচারক ড. মো. আব্দুল মজিদ শুনানি শেষে মুনিরাকে মামলা থেকে অব্যাহতি দেন।

পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'সোমবার মামলার দিন ধার্য ছিল। বিবাদীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ায় শুনানি শেষে তাকে অব্যাহতি দিয়েছেন আদালত।'

এ বিষয়ে জানতে সিরাজাম মুনিরার মুঠোফোনে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।ৎ

গত বছরের ১৩ জুন সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম মৃত্যুবরণ করেন। পরে তার মৃত্যু নিয়ে শিক্ষক মুনিরা ফেসবুকে আপত্তিকর পোস্ট দেন বলে অভিযোগ ওঠে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। একপর্যায়ে পোস্টটি মুছে দেন মুনিরা। কিন্তু, পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে ফেসবুকে। এ ঘটনায় তিনি ক্ষমা চেয়ে আরেকটি পোস্ট দেন। কিন্তু, বিশ্ববিদ্যালয়ের পক্ষে ১৩ জুন রাতে তাজহাট থানায় একটি মামলা করেন রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল। ওই দিন রাতে মুনিরাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ১৭ জুন রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে সাময়িক বরখাস্ত করেন।

কারাগার থাকা মুনিরা গত ৫ আগস্ট হাইকোর্ট থেকে জামিন পান।