‘দোয়া মাহফিল’ থেকে বিএনপি নেতা-কর্মী আটক করেছে পুলিশ

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর শাহীনবাগ এলাকা থেকে নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় 'দোয়া মাহফিল' চলাকালে দলটির কয়েকজন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। সাজেদুল ইসলাম সুমন ২০১৩ সাল থেকে নিখোঁজ আছেন।

বিএনপির নেতা ও সুমনের পরিবারের সদস্যরা বলেন, সুমনের মা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি সুস্থ হয়ে বাসায় ফেরার পর এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানে বিএনপির নেতা-কর্মীরা এসেছিলেন।

নিখোঁজ সুমনের ছোটবোন সানজিদা ইসলাম তুলি জানান, আমার মাকে দেখতে বিএনপির নেতা-কর্মীরা এসেছিলেন। বাসায় দোয়া মাহফিল চলছিল। এসময় পুলিশ আমাদের বাসা ঘিরে ফেলে এবং কমপক্ষে ২০ জনকে আটক করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, এসময় বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান এবং সদস্য সচিব আমিনুল হক আমাদের বাসায় উপস্থিত ছিলেন।

এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মো. শহীদুল্লাহ জানান, তারা ওই বাসায় অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করেছেন। তাদের মধ্যে অনেকেই বিভিন্ন মামলার আসামি। তারা প্রায়ই এমন বৈঠক করে নানান নাশকতামূলক কাজের পরিকল্পনা করে। এজন্য তাদের আটক করা হয়েছে।

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।