পাঠ্যপুস্তকে ভুল: এনসিটিবির চেয়ারম্যান ও সংশ্লিষ্ট সদস্যদের হাইকোর্টে তলব
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের ইতিহাস ভুল থাকার বিষয়টিকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে হতাশা প্রকাশ করেছেন হাইকোট। এ ছাড়া, ভুলের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান ও সংশ্লিষ্ট সদস্যদের হাইকোর্টে তলব করা হয়েছে।
রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
আদেশে এনসিটিবির চেয়ারম্যান ও সংশ্লিষ্ট সদস্যদের আগামী ১০ নভেম্বর আদালতে সশরীরে হাজির হয়ে ওই ভুলের ব্যাখা দিতে বলা হয়েছে।
ভুলের বিষয়ে আলমগীর আলম নামে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর অভিভাবকের করা রিটের শুনানিতে হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
একইসঙ্গে হাইকোর্ট বেঞ্চ পাঠ্যপুস্তক থেকে ভুল সংশোধনে কেনো পদক্ষেপ নেওয়া হবে না সে বিষয়ে চার সপ্তাহের মধ্যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে রুল জারি করেন।
আদালতে আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন আলী মোস্তাফা খান। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধ সম্পর্কে শতাধিক ভুল পেয়েছেন রিট আবেদনকারী।'