রামপুরা থেকে তরুণীর মরদেহ উদ্ধার
রাজধানীর পূর্ব রামপুরায় এলাকা থেকে লামিয়া আক্তার (১৯) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে রামপুরা এলাকার একটি ছয়তলা ভবনের চারতলার দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়।
এরপর বিকেলে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। পুলিশের ধারণা লামিয়া আত্মহত্যা করেছেন এবং বেশ আগে তার মৃত্যু হয়েছে। কারণ মরদেহ পচতে শুরু করেছিল।
লামিয়া আক্তার মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার খোর খোলা গ্রামের শেখ মামেত মিয়ার মেয়ে। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, লামিয়া ওই বাসায় তার স্বামীর সঙ্গে সাব-লেট থাকতেন। ৬ মাস আগে তাদের বিয়ে হয়। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে ওই তরুণী আত্মহত্যা করেছেন। ঘটনার পর থেকে লামিয়ার স্বামী হৃদয় ফকির পলাতক। তার বাড়ি মাদারীপুর সদর থানা এলাকায়। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।