শরীয়তপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
শরীয়তপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী নুরুল আমীন শেখকে (৩০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার বিকালে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম খান এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি শরীয়তপুর জজ কোটের পিপি অ্যাডভোকেট মির্জা হযরত আলী দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।
একই সঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা করে তা বাদীর পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
২০১৭ সালের ২ জুলাই শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের হারুন টুনিকান্দি গ্রামের গৃহবধূ রেশমা আক্তারকে হত্যা করা হয়। দণ্ডপ্রাপ্ত আসামি নুরুল আমীন তখন থেকে পলাতক আছেন।
আদালত নুরুল আমিনকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। আসামি আত্মসমর্পণ করে উচ্চ আদালতে আপিল করার সুযোগ পাবেন।
মৃত রেশমা আক্তারের ভাই ইয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'রায়ে আমি এবং আমার পরিবার খুশি। আদালতের কাছে একটাই দাবি, নুরুল আমিনকে দ্রুত গ্রেপ্তার করে যেনো তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।'