শাহজালালে ২৫টি সোনার বারসহ যাত্রী আটক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অবৈধভাবে আনা ২৫টি সোনার বারসহ মোহাম্মদ রিপন নামে এক যাত্রীকে আটক করেছে কাস্টমস।
বুধবার দিবাগত রাতে ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার দিবাগত রাত ১১টা ১২ মিনিটে সৌদি এয়ারলাইন্সের এসভি ৮০৪ ফ্লাইটে সৌদি আরব থেকে ওই যাত্রী ঢাকায় আসেন। পাসপোর্ট অনুযায়ী তার নাম মোহাম্মদ রিপন। বাড়ি কুমিল্লা জেলায়। তার হাতে থাকা হুডি জ্যাকেটের হাত থেকে ২ কেজি ৯০০ গ্রাম ওজনের ২৫টি সোনার বার পাওয়া যায়। রাত পৌনে ১২টার দিকে ওই যাত্রীকে আটক করা হয়।
তার বিরুদ্ধে কাস্টমস আইনের সংশ্লিষ্ট ধারা ও বিধি অনুযায়ী ফৌজদারি মামলা দায়ের করা হবে— বলেন সানোয়ারুল কবীর।