সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফের এপিএস ফোয়াদ ২ দিনের রিমান্ডে
সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের এপিএস এ এইচ এম ফোয়াদকে ফরিদপুরে ছোটন হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।
আজ বুধবার বিকেলে ফরিদপুর ১ নং আমলি আদালতের বিচারক রত্না সাহা এ আদেশ দেন।
মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তারের পর তাকে ২০১৬ সালের ৭ ডিসেম্বর ফরিদপুরে ছোটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও ফরিদপুর সদর থানার উপপরিদর্শক আব্দুল গফফার দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে আজ দুপুরে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা এক সংবাদ সম্মেলনে জানান, ঢাকার ভাটারা থানার সহযোগিতায় ফরিদপুর ডিবি পুলিশের একটি দল ফোয়াদকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, ফোয়াদ মানি লন্ডারিং মামলাসহ মোট ৩টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে ঢাকার কাফরুল থানায় মানি লন্ডারিং মামলাসহ মোট ৮টি মামলা আছে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ফোয়াদ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের এপিএস এ এইচ এম ফোয়াদ গত ১০ বছর ধরে ফরিদপুর শহরে টেন্ডারবাজি, চাঁদাবাজি, পাসপোর্ট অফিস, বিআরটিএ অফিস, বিভিন্ন হাট-বাজার ইজারা, বালু মহল নিয়ন্ত্রণ, ভূমি দখল, বাসস্ট্যান্ড ও সিঅ্যান্ডবি ঘাট দখলসহ বিভিন্ন উপায়ে অবৈধ সম্পদ অর্জন করেছে।