সাভারে আড়াই লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণ ডাকাতির অভিযোগ
সাভারে একটি হাউজিং সোসাইটির বাসায় ডাকাতি হয়েছে। ডাকাতরা এ সময় নগদ প্রায় আড়াই লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণ লুট করেছে বলে অভিযোগ উঠেছে।
আজ বুধবার ভোর রাত ৪টার দিকে আশুলিয়ার কুঁরগাও এলাকার ঢাকা কো-অপারেটিভ হাউজিং সোসাইটির মো. শাহজাহানের ২ তলা বাড়িতে এ ঘটনা ঘটে।
বাড়ির মালিক মো. শাহজাহান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ ভোর রাত ৪টার দিকে হঠাৎ রুমের ভেতর অনেকজন ঢুকে আমাদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। সবাইকে একটি রুমের মধ্যে নিয়ে আটকে হাত, মুখ ও চোখ বেঁধে ফেলে। তবে কাউকে মারধর করেনি। ডাকাতরা নগদ প্রায় আড়াই লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণ লুট করে প্রায় এক ঘণ্টা পর মেইন দরজা খুলে চলে যায়। পরে সকালে জানালার গ্রিল কাটা অবস্থায় দেখতে পাই।'
মো. শাহজাহানের নাতনী ফারিহা দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের সবার সামনে ওরা অস্ত্র ধরে রেখেছিল। শব্দ করলেই আমার শিশুকে ক্ষতি করার হুমকি দিচ্ছিল। আমার নানীর হাতের ২ ভরির স্বর্ণের চুরি, চেইন ও আংটি নিয়ে নেয়। আমার শরীরের স্বর্ণও খুলে নেয় তারা। এ সময় ডাকাতরা বারবার আমার বড় মামা সোহেলকে খুঁজছিল। উপরতলায় তার রুমে গিয়েও খোঁজ করেছে।'
তিনি আরও বলেন, 'ডাকাতরা সবাই যুবক বয়সের ছিল। তবে মাস্ক দিয়ে মুখ ঢাকা ছিল এবং সবার পিঠেই ব্যাগ ছিল।'
ঢাকা কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক ইমাম হাসান ভূঁইয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'পুরো সোসাইটিতে প্রায় ১০০ পরিবার বসবাস করেন। আগে নিরাপত্তার জন্য আনছার সদস্যরা থাকলেও এখন নেই। ফান্ডের অভাবে আনছারদের খরচ বহন করা সম্ভব হচ্ছে না। সোসাইটিতে ঢোকার ৩টি বড় রাস্তায় কেবল ৩ জন নিরাপত্তা কর্মী থাকেন। সিসিটিভিও নেই। যে বাড়িতে ঘটনা ঘটছে তার পিছন দিয়ে আরেকটি এলাকায় যাতায়াত উন্মুক্ত।'
ঘটনাস্থল পরিদর্শনকারী আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে জানতে পারি ডাকাতরা গ্রিল কেটে বাসার ভিতরে প্রবেশ করে লুটতরাজ করে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়েছে।'