হাজীগঞ্জে সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর

চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশ-জনতা সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

সূত্র ডেইলি স্টারকে জানিয়েছে, আজ ভোর পর্যন্ত অন্তত ১৭ জনকে পুলিশ আটক করেছে।

আজ ভোররাত পৌনে ২টার দিকে হাজীগঞ্জ থানার উপপরিদর্শক নাজিমুদ্দিন ডেইলি স্টারকে বলেন, 'সংঘর্ষে ৩ জন মারা গেছেন। তবে তারা কীভাবে মারা গেছেন সে বিষয়ে নিশ্চিত নই।'

সংঘর্ষে অন্তত ১৫ পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানান তিনি।

স্থানীয়রা ডেইলি স্টারকে জানিয়েছেন, গতকাল বুধবার রাত সোয়া ৮টায় হাজীগঞ্জ বাজারে ৫ শতাধিক লোকের মিছিল বের হয়। পরে মিছিলটি বাজারের লক্ষ্মী নারায়ণ মন্দিরের কাছে এলে সেখান পুলিশের সঙ্গে মিছিলকারীদের সংঘর্ষ হয়।

'পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়' উল্লেখ করে তারা আরও জানান, সংঘর্ষে ৩ জন নিহত ও পুলিশ-সাংবাদিকসহ অন্তত ৬০ জন আহত হন।

নিহতরা হলেন হাজীগঞ্জ উপজেলার বড়কুল ইউনিয়নের রায়চোঁ গ্রামের আলামিন (১৮), রান্ধুনীমুড়া সেকান্দার আলী বেপারী বাড়ির ফজলুল হকের ছেলে ইয়াছিন হোসেন হৃদয় (১৫) ও চাপাইনবাবগঞ্জ এলাকার বাবলু (৩০)।

জেলা সিভিল সার্জন সাখাওয়াত উল্লাহ ডেইলি স্টারকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্যে চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কথা বলতে পুলিশ সুপার বা হাজীগঞ্জে থানার ওসির সঙ্গে বারবার যোগাযোগ করা হলে কেউই ফোন ধরেননি।