৩ বছর সাজা খাটার ভয়ে ১৭ বছর পালিয়ে ছিলেন

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

প্রতারণা মামলায় ৩ বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। সেই সাজা থেকে বাঁচতে ১৭ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ৬৬ বছর বয়সী মো. শফিকুল ইসলামের।

মঙ্গলবার দিনগত রাতে রাজবাড়ীর কালুখালী উপজেলার বড় পাতুরিয়া গ্রামে তার শ্বশুর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় শফিকুল ইসলামকে।

শফিকুল ইসলাম ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামের শেখ মোকাদ্দেস হোসেনের ছেলে। ২০০৪ সালে প্রতারণার অভিযোগে একটি মামলায় দণ্ডপ্রাপ্ত হন শফিকুল।

মামলায় আদালত তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং নগদ ৫ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। তবে, শফিকুলের অনুপস্থিতে আদালত এ আদেশ দেন। আদেশের পর থেকে তিনি পলাতক ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'গোপন সূত্রে খবর পেয়ে গত মঙ্গলবার দিনগত রাতে রাজবাড়ীর বড় পাতুরিয়া গ্রামে শফিকুলের শ্বশুর মো. এমদাদুল খানের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।'
 
তিনি আরও জানান, বুধবার আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।