বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ১, আহত ৭

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা

কুমিল্লার লাকসামে বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষে একজন নিহত এবং ৭ জন আহত হয়েছেন। 

আজ শুক্রবার ভোরে লাকসামের চন্দনা বাজারের পশ্চিম পাশে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের চালক নিহত হয়েছেন। আহত ৭ জনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দ্য ডেইলি স্টারকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল হাসান।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ভোরে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী হিমাচল এক্সপ্রেস বাসের সঙ্গে নোয়াখালীগামী একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনায় বাসটি রাস্তার পাশের খালে পড়ে যায় এবং কাভার্ড ভ্যানটি সড়ক বিভাজকের ওপর উঠে যায়। এতে কাভার্ড ভ্যানের চালক ঘটনাস্থলেই নিহত ও ৭ বাসযাত্রী আহত হন।

মাকসুদুল হাসান বলেন, 'সড়কের একপাশ বন্ধ থাকায় গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। নিহত চালকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।'