আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নগরকান্দার তালমা ইউপির আ. লীগ প্রার্থীকে শোকজ
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুরের নগরকান্দার তালমা ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থীকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দিয়েছে রিটানিং কর্মকর্তা।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও তালমা ইউনিয়ন নির্বাচনের রিটানিং কর্মকর্তা মো. লিটন মিয়া গতকাল সোমবার ওই শোকজ পত্রে স্বাক্ষর করেছেনে। যেখানে আওয়ামী লীগ প্রার্থী রণজিৎ কুমার মণ্ডলকে আগামী ২৪ ঘণ্টার শোকজের উত্তর দিতে বলা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, গত ২৭ অক্টোবর তালমা ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সাত নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম এবং ৩১ অক্টোবর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এস এম নাহিদুজ্জামান প্রিন্স (চশমা) ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (ঘোড়া) মো. মজিবুর রহমান বিভিন্ন সময়ে আওয়ামী লীগ প্রার্থী রণজিৎ কুমার মণ্ডলের বিরুদ্ধে আলাদা ভাবে ছবি, ভিডিও ফুটেজ ও লিখিত অভিযোগ দাখিল করেছেন। তারা রণজিৎ কুমার মণ্ডলের নির্বাচন আচরণবিধি ২০১৬ এর ৩ নং বিধি এবং ১৮ এর খ ও গ নং বিধি লঙ্ঘন করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে রণজিৎ কুমার মণ্ডল দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি আজ মঙ্গলবার শোকজের চিঠিটি হাতে পেয়েছি। যদিও আমি সেটি পড়ে দেখিনি। আমি আগামীকাল বুধবার ওই শোকজের জবাব দিয়ে দেব।'