ইউপি নির্বাচনের নামে দেশে খুনোখুনি চলছে: জি এম কাদের

স্টার অনলাইন রিপোর্ট

দেশে বর্তমানে তামাশার নির্বাচন চলছে এবং ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের নামে দেশে খুনোখুনি চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

জি এম কাদের বলেন, 'অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংবিধান অনেক ক্ষমতা দিয়েছে নির্বাচন কমিশনকে। কিন্তু তারা সুষ্ঠু নির্বাচনের জন্য ক্ষমতা প্রয়োগ করছে না। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ব্যর্থতার দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে।'

'জাতীয় পার্টির প্রার্থীদের প্রার্থিতা বাতিল করে দেওয়া হচ্ছে' উল্লেখ করে তিনি বলেন, 'বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে জয়ী হতে মরিয়া সরকার দলীয় প্রার্থীরা। আবার সরকার দলীয় প্রার্থীরা হামলা-মামলা করছে জাতীয় পার্টি প্রার্থীদের ওপর। সরকারী দলের সমর্থকরা নির্বাচনের মাঠে দাঁড়াতে দিচ্ছে না ভিন্নমতাবলম্বীদের।'

তিনি বলেন, 'ইউনিয়ন পরিষদ হচ্ছে সবচেয়ে কম ক্ষমতার একটি প্রতিষ্ঠান, যেখানে বাজেটও থাকে স্বল্প। কিন্তু নির্বাচন কমিশন পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ব্যর্থ হয়েছে। নির্বাচনে মানুষের ভোট দিতে না পারাটা দুর্ভাগ্যজনক।'

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, 'কেবল স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, সব মন্ত্রণালয় দুর্নীতিতে ছেয়ে গেছে। দুর্নীতিই এখন নীতি হয়ে দাঁড়িয়েছে।'