ধামরাইয়ে বিদ্রোহী প্রার্থীর ওপর হামলা, নৌকা প্রার্থীর সহযোগী আটক

নিজস্ব সংবাদদাতা, সাভার

ঢাকার ধামরাইয়ে স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীর ওপর হামলা ও মারধরের ঘটনায় সোমভাগ ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আজাহার আলীর এক সহযোগীকে আটক করেছে পুলিশ।

আটককৃতের নাম আব্দুল আজিজ (৩৫)। তিনি ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের গোয়ালদিয়া এলাকার মোহাম্মদ দরবেশের ছেলে। আজ বৃহস্পতিবারর বিকেল ৩টার দিকে ধামরাইয়ের কালামপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

ধামরাই থানার পরিদর্শক(অপারেশন) নির্মল কুমার দাস দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

নির্মল কুমার দাস বলেন, 'গতকাল সন্ধ্যায় বানেশ্বর পশ্চিমপাড়া এলাকায় সোমভাগ ইউনিয়নের স্বতন্ত্রপ্রার্থী ও তার সমর্থকদের মারধরের ঘটনায় ওই প্রার্থীর ছোট ভাই থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে আজীজ নামের একজনকে আটক করা হয়েছে।'

কতজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, '২৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৫০ জন ব্যক্তির বিরুদ্ধে হামলার অভিযোগ আনা হয়েছে। অভিযোগটি মামলা হিসেবে রুজু করা হবে। মামলায় আজীজকে গ্রেপ্তার দেখানো হবে।' 

সোমভাগ ইউনিয়নের স্বতন্ত্র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী প্রভাষক মোহাম্মদ আওলাদ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতকাল বানেশ্বর পশ্চিমপাড়া এলাকায় সমর্থকদের নিয়ে মাগরিবের নামাজ আদায় করি। মসজিদ থেকে বের হওয়ার সময় নৌকার প্রার্থী আজাহার চেয়ারম্যানের সমর্থকরা মিছিল নিয়ে আমাদের ওপর রড, লাঠি নিয়ে হামলা চালান। হামলায় আমি ও আমার ভাই বাবু, সাইফুল, সুরুজসহ ১০ থেকে ১২ জন কর্মী আহত হই। আমিসহ ৬ জন ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিচ্ছি।

তিনি বলেন, 'এ ঘটনায় নির্বাচন অফিসে অভিযোগ করেছি। থানায় একটি মামলা করা হয়েছে।'

আওলাদ হোসেন অভিযোগ করে বলেন, 'আজহার আলী আমাকে আগেই বিভিন্নভাবে ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে গায়েব করা হবে। এদেশে কোন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী থাকবে না।'

নৌকা মনোনীত প্রার্থী আজাহার আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'একটা মারামারির ঘটনা ঘটছে। আওলাদ হোসেনের লোকজন আমার নির্বাচনী অফিস ভাঙচুর করেছে। আমি নির্বাচন অফিসে অভিযোগ করেছি।'

তবে তিনি স্বীকার করেছেন যে আজীজ তার কর্মী।

ধামরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা আয়েশা আক্তার দ্য ডেইলি স্টারকে বলেন, 'সোমভাগ ইউনিয়নে নির্বাচন কেন্দ্রীক ঘটনায় স্বতন্ত্রপ্রার্থী ও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমাদের কাছে অভিযোগ করেছেন। আমরা উভয় পক্ষের অভিযোগই তদন্ত করছি।'