ভারতের সঙ্গে সুসর্ম্পকে ফাটল ধরাতে সাম্প্রদায়িক হামলা: ওবায়দুল কাদের
দেশের সনাতন ধর্মাবলম্বী এবং ভারতের সঙ্গে সরকারের সুসম্পর্কে ফাটল ধরাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সাম্প্রদায়িক সহিংসতায় নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে উল্লেখ করে তিনি বলেন, রাজনীতির মাঠে পরাজিত হয়ে উগ্র সাম্প্রদায়িক অপশক্তি সম্প্রীতি নষ্ট করছে। এরা ওপরে ওপরে নিষ্ক্রিয় হলেও ভেতরে ঠিকই সক্রিয় যার প্রমাণ এবারের হামলাগুলো।
'বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী এবং ভারতের সঙ্গে সরকারের সুসর্ম্পকে ফাটল ধরাতেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চক্রান্ত চলছে।'
ওবায়দুল কাদের আজ মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু এভিনিউ থেকে নোয়াখালীর চৌমুহনীতে হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন।
নির্বাচন সম্পর্কে তিনি বলেন, 'পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, সংবিধান মেনে বাংলাদেশেও সেভাবে নির্বাচন হবে। নির্বাচনে বিএনপি এলো কি এলো না তার জন্য নির্বাচন বসে থাকবে না।'
অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য মতিয়া চৌধুরী বলেন, যখন দেশ উন্নয়নের স্বর্ণ শিখরে তখন পরাজিত শক্তি ষড়যন্ত্রে লিপ্ত।