শুধু ইউপি না, সব নির্বাচনে আ. লীগ জয়ী হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ

ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে আওয়ামী লীগ সুসংগঠিত উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন শুধু না, যত নির্বাচন হবে সবগুলোতে আওয়ামী লীগের প্রার্থীরা জয় লাভ করবেন।

আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার গড়পাড়া শুভ্রসেন্টারে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিটি ইউনিয়ন থেকে দলের কাছে একাধিক প্রার্থী মনোনয়ন চেয়েছিলেন। তার সবাই যোগ্য। যারা মনোনয়ন পেয়েছেন তাদের সব নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। কেউ বিদ্রোহী প্রার্থী হতে পারবেন না।

দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দুর্গা পূজায় বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের সুনাম ক্ষুণ্ন করেছে ষড়যন্ত্রকারীরা। যারা স্বাধীনতা বিশ্বাস করে না, তারাই ধর্মের নামে দেশে অপরাজনীতি করছে। তারাই দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করে। দেশের মানুষকে সঙ্গে নিয়ে ওই অপশক্তির বিরুদ্ধে আমাদের আরও দৃঢ়ভাবে দাঁড়াতে হবে।

এদিন সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের হাতে দলীয় মনোনয়পত্র তুলে দেওয়া হয়। স্বাস্থ্যমন্ত্রী প্রার্থীদের হাতে মনোনয়নপত্র তুলে দেন।

মনোনয়নপত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সহসভাপতি আব্দুল মজিদ ফটো, পৌর মেয়র রমজান আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহাসহ অনেকে।