ঈদের ব্যস্ততা উপভোগ করছেন কর্ণিয়া
গানের জগতে দেড় দশক পার করেছেন জাকিয়া সুলতানা কর্ণিয়া। রিয়েলিটি শো দিয়ে সংগীতের বড় মঞ্চে পদার্পণ, সেই থেকে দেশে-বিদেশে স্টেজ শো নিয়ে ব্যস্ততা। সংগীতের জনপ্রিয় এ মুখ ঈদ ঘিরে কাটাচ্ছেন ব্যস্ত সময়।
দ্য ডেইলি স্টারকে কর্ণিয়া বলেন, ‘ঈদকে সামনে রেখে প্রচণ্ড ব্যস্ততা যাচ্ছে। ঈদের ব্যস্ততা উপভোগ করছি। অনেকগুলো টিভি চ্যানেলে শ্যুটিং করেছি। আরও শ্যুটিং বাকি আছে।’
তিনি বলেন, ‘কোনো টিভি চ্যানেলে গানের, কোনোটায় ঈদ আড্ডার শ্যুটিং চলছে। আবার কোথাও রান্নার অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকছি। সবগুলো কাজ নিয়েই ভালো লাগা কাজ করছে। ঈদ সামনে রেখে এমন ব্যস্ততা সবসময়ই উপভোগ করি, এবারও করছি।’
‘অবশ্যই ঈদ আমাদের অনেক বড় উৎসব। ঈদকে সামনে রেখে আমাদেরও ব্যস্ততা বেড়ে যায়। আমার গানের শ্রোতারা নতুন গানের অপেক্ষায় থাকেন,’ বলেন কর্ণিয়া।
স্টেজ শো নিয়ে কর্ণিয়া বলেন, ‘ঈদের পরপরই শুরু হবে স্টেজ শো। ঢাকার বাইরে একটা শো আছে। ওটার জন্য প্রস্তুতি নিচ্ছি।’
‘স্টেজ শো মানেই হাজার হাজার মানুষের আগমন। খুব ভালো লাগে। দর্শকদের উচ্ছ্বাস উপভোগ করতে পারি,’ বলেন তিনি।
এবারের ঈদ ঢাকায় করবেন জানিয়ে কর্ণিয়া বলেন, ‘ঢাকায় পরিবারের সঙ্গে ঈদ করব। আম্মার বাসায় যাব, নানুর বাসায় যাব, সবাই মিলে ঈদের সময় কাটাব।’
ঈদের স্মৃতি নিয়ে এ সংগীতশিল্পী বলেন, ‘ফেলে আসা জীবনের, ছোটবেলার ঈদ অনেক আনন্দের ছিল। ওই আনন্দ আর পাব না। ওটা আসলে অন্যরকম স্মৃতি। আমাদের বাড়ি ঝিনাইদহ। ওখানে দাদাবাড়িতে অনেক আনন্দ করেছি। তখন আব্বা বেঁচে ছিলেন, দাদা-দাদী বেঁচে ছিলেন। বিশাল বড় হাঁড়িতে রান্না হতো। সব কাজিনদের মিলিয়ে প্রায় ৫০ জনের মতো একসঙ্গে থাকতাম।’
নতুন মিউজিক ভিডিও নিয়ে বলেন, ‘ইচ্ছে আছে এ বছর বড় ধামাকা নিয়ে আসবো। প্রতি বছর বড় একটি আয়োজন করি, সবার মনের মতো একটা ভিডিও উপহার দেই। এ বছরও হবে আশা করছি।’ভক্ত