যে কাজটি করতে ভালোবাসি, সেটাই এখন করব: মিথিলা

শাহ আলম সাজু
শাহ আলম সাজু

মডেলিং দিয়ে যাত্রা শুরু। এরপর টেলিভিশন নাটকে অভিনয় করেও সাড়া পান। দেশের পাশাপাশি ভারতীয় বাংলা সিনেমায় অভিনয় করেও পেয়েছেন দর্শকপ্রিয়তা। তার ওটিটির কাজও প্রশংসা কুড়িয়েছে। সেইসঙ্গে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাকের সঙ্গে যুক্ত থেকে সুনামের সঙ্গে কাজ করেছেন।

বলছি রাফিয়াত রশিদ মিথিলার কথা। এতকিছুর পর এবার নতুন অধ্যায়ে পা রাখলেন তিনি। যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত মিথিলা দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে নতুন কাজের অভিজ্ঞতা ও অনুভূতির কথা জানিয়েছেন।

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগ দেওয়ার অনুভূতি জানতে চাইলে মিথিলা বলেন, ‘এটা সম্মানজনক পেশা। যে কাজটি করতে ভালোবাসি, সেটাই এখন করব। এজন্য একটু বেশি ভালো লাগা কাজ করছে। বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর একটি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। আমিও চাই গবেষক হিসেবে ভালো করতে। নতুন অভিজ্ঞতা হবে, জীবনে ভালো কিছু যুক্ত হবে।’

তিনি বলেন, ‘মা-বাবার জন্যই আজকের আমি। আমার জীবনে তাদের অবদান সবচেয়ে বেশি। তারা সবসময় আমাকে উৎসাহ দেন, অনুপ্রেরণা দেন। তাদের সমর্থন পেয়েছি বলেই এতদূর আসতে পেরেছি।’

প্রথম দিনের কাজের অভিজ্ঞতা জানতে চাইলে মিথিলা বলেন, ‘প্রথম দিন কোনো কাজ করা হয়নি। তারপরও সুন্দর কিছু স্মৃতি জমা হয়েছে। সুন্দর কিছু অভিজ্ঞতা হয়েছে। যে স্যারের সঙ্গে কাজ করব, তার সঙ্গে কথা হয়েছে। এই তো।’

ব্র্যাকে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ‘ব্র্যাকের সবাই আমাকে ভালোভাবেই বিদায় দিয়েছেন। অনেক বছর কাজ করা হলো। এই প্রতিষ্ঠানের হয়ে আমি কাজ যেমন করেছি, অনেক দেশ ঘুরেছি, অনেক অভিজ্ঞতা হয়েছে, তেমনি প্রতিষ্ঠানের প্রতিও অনেক মায়া জন্মে গেছে।’