যান্ত্রিক ব্যস্ততা ছেড়ে পাখির রাজ্যে
গাছপালা আর সবুজে ঘেরা গ্রাম যেন জীববৈচিত্র্যের গোপন ভাণ্ডার। ভোরের নরম আলোয় যখন পাখিদের কলকাকলিতে ঘুম ভাঙে, তখন মনে হয় প্রতিটি দিনই প্রকৃতির এক নতুন উপহার।
শহরের যান্ত্রিক ব্যস্ততা, ট্রাফিক জ্যাম আর নাগরিক কোলাহলে ক্লান্ত হয়ে প্রায়ই চলে যাই শেকড়ের কাছে, বগুড়ার শিবগঞ্জ উপজেলার ছায়াময় সুনিবিড় লক্ষ্মীকোলা গ্রামে।
প্রকৃতির কাছাকাছি এলে আমার সবচেয়ে প্রিয় কাজ ছবি তোলা। এবারের ঈদের ছুটিতে লক্ষ্মীকোলা গ্রামের পশ্চিমপাড়ায় আমার বাড়িতে গিয়ে যা দেখলাম, তা হয়তো নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন হতো।
একজন পাখিপ্রেমী ও ফটোগ্রাফার হিসেবে আমি অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম, আমার বাড়ির চারপাশের মাত্র ৪০০ মিটার ব্যাসার্ধের মধ্যে ৬ দিনে আমি অন্তত ৭৪ প্রজাতির পাখি পর্যবেক্ষণ করেছি।
প্রকৃতির অবিশ্বাস্য বৈচিত্র্য খুব ছোট একটি পরিসরের মধ্যে এত বিপুল সংখ্যক পাখির উপস্থিতি প্রমাণ করে যে, আমাদের গ্রামীণ পরিবেশ এখনো কতটা সুস্থ ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ।
দুপুরের তপ্ত নিস্তব্ধতায় হঠাৎ ডানা ঝাপটানোর শব্দ কিংবা বিকেলে আলো-ছায়ার লুকোচুরিতে তাদের বিচরণ—প্রতিটি মুহূর্তই ছিল লেন্সবন্দি করার মতো।
কয়েকদিনের পর্যবেক্ষণে আমি এমন কিছু প্রজাতির ছবি ধারণ করতে পেরেছি, যেগুলো কেবল নান্দনিক নয়, আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এর মধ্যে কিছু উল্লেখযোগ্য পাখি হলো: ভুতুম পেঁচা, পাকরা মাছরাঙা, লালমাথা টিয়া, মেটেমাথা টিটি, লাল ঘুঘু, ধূসর চিল, জলপাইপিঠ তুলিকা, ধূসর খঞ্জনা, হলদে পা হরিয়াল, লাল বক, লালঘাড় রাজন, চোখাচখি, রঙ্গিলা চ্যাগা, কালোমাথা কাবাসী অন্যতম।
আমাদের ব্যস্ত জীবন হয়তো আমাদের দৃষ্টিকে সীমিত করে দিয়েছে। আমরা সুন্দরের খোঁজে দূরে পাড়ি দিই, কিন্তু একটু ধৈর্য আর ভালোবাসা নিয়ে তাকালে দেখা যায় নিজের আঙিনাতেই লুকিয়ে আছে অমূল্য সব বিস্ময়।
লক্ষ্মীকোলা পশ্চিমপাড়ার এই ক্ষুদ্র পরিসরে এত প্রজাতির পাখির বিচরণ আমাকে আবারও মনে করিয়ে দিল—প্রকৃতি আমাদের কতটা দিয়েছে।
তবে এই মুগ্ধতার পাশাপাশি একটি গভীর দায়িত্ববোধের কথাও মনে পড়ে। নগরায়ন আর দূষণের কবলে পড়ে দিনের পর দিন সংকুচিত হচ্ছে পাখিদের এই আবাসস্থল।
এই প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। আমরা যদি সচেতন না হই, তবে অচিরেই আমাদের পরবর্তী প্রজন্ম শুধু বইয়ের পাতায় এই পাখিদের ছবি দেখবে, বাস্তবে তাদের ডাক শুনবে না।
একটু সময়, ধৈর্য আর ভালোবাসার চোখ থাকলে আপনিও খুঁজে পেতে পারেন আপনার চারপাশের লুকিয়ে থাকা এই স্বর্গ। প্রকৃতির এই ছোট ছোট বিস্ময়গুলোই আমাদের শেখায় জীবন কতটা সুন্দর।
লেখা ও ছবি: সব্যসাচী দাস