বই

ঘুরতে ঘুরতে চিড়িয়াখানায়

রবিউল কমল
রবিউল কমল

শিশুরা গল্প শুনতে যেমন ভালোবাসে, তেমনি নতুন কিছু দেখতেও তাদের আগ্রহের শেষ নেই। আর সেই দেখা যদি হয় হাতি, জিরাফ, হরিণ, বানর কিংবা নানা রকম পাখির, তাহলে আনন্দটা আরও বেড়ে যায়। ‘ঝুমি এল চিড়িয়াখানায়’ বইটি শিশুদের সেই আনন্দের জগতে নিয়ে যায়। একই সঙ্গে চিড়িয়াখানা ঘুরে দেখার নানা অভিজ্ঞতার সঙ্গে পরিচয় করিয়ে দেয়।

বইটির গল্পের কেন্দ্রীয় চরিত্র ঝুমি। বাবা-মায়ের সঙ্গে সে ঘুরতে যায় ঢাকার চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় ঢোকার জন্য টিকিট কাটা থেকে শুরু করে একে একে বিভিন্ন প্রাণী দেখা, পুরো ভ্রমণটাই উঠে এসেছে বইয়ের পাতায়। ফলে বইটি পড়তে পড়তে শিশুরা যেন ঝুমির সঙ্গী হয়ে চিড়িয়াখানায় ঘুরে বেড়াতে পারে।

চিড়িয়াখানায় গিয়ে ঝুমি দেখে নানা প্রাণী। হাতি, জিরাফ, হরিণ থেকে শুরু করে বিভিন্ন পাখি, প্রতিটি প্রাণীর সঙ্গেই তার পরিচয় হয়। আছে বানরের মজার ঘটনাও। ঝুমি বাদাম কিনে বানরকে খেতে দেয়। শিশুর স্বাভাবিক কৌতূহল আর আনন্দের মধ্য দিয়ে প্রাণীদের দেখার এই অভিজ্ঞতাগুলো বইটিকে প্রাণবন্ত করে তুলেছে।

‘ঝুমি এল চিড়িয়াখানায়’ কেবল গল্পের বই নয়; শিশুদের জন্য এটি একধরনের আনন্দময় ভ্রমণবইও। চিড়িয়াখানায় কীভাবে যেতে হয়, প্রবেশের জন্য টিকিট কাটতে হয় ইত্যাদি বিষয়ও গল্পের সঙ্গে সহজভাবে এসেছে। ফলে বইটি পড়ার পাশাপাশি শিশুরা চিড়িয়াখানায় যাওয়ার অভিজ্ঞতা সম্পর্কেও ধারণা পেতে পারে।

বইটির আরেকটি বড় আকর্ষণ এর অলঙ্করণ। রাকিবুর রহমানের আঁকা ছবিগুলো গল্পকে আরও জীবন্ত করে তুলেছে। রঙিন ও প্রাণবন্ত ছবিতে ঝুমি, তার বাবা-মা, চিড়িয়াখানার পরিবেশ ও বিভিন্ন প্রাণীকে দেখতে পাওয়া যায়। ছোটদের ছবি দেখার আগ্রহকে মাথায় রেখে করা এই অলঙ্করণ কেবল শিশুদের নয়, অন্য বয়সী পাঠকেরও ভালো লাগবে।

গল্পটির ছোট ছোট বর্ণনা সহজ ও শিশুবান্ধব। গল্পের ভেতর দিয়ে পরিচিত একটি জায়গাকে নতুন করে আবিষ্কারের সুযোগ পাবে ঢাকার বাইরের শিশুরা। আবার যেসব শিশু চিড়িয়াখানায় যেতে ভালোবাসে, তাদের কাছে বইটির অভিজ্ঞতা খুব পরিচিত মনে হবে। আর যারা এখনো চিড়িয়াখানায় যায়নি, তাদের মনে সেখানে যাওয়ার কৌতূহল তৈরি হতে পারে।

‘ঝুমি এল চিড়িয়াখানায়’ তাই একদিকে যেমন ছোট্ট একটি শিশুর চিড়িয়াখানা ভ্রমণের গল্প, অন্যদিকে শিশুদের জন্য প্রাণী ও চারপাশের জগৎকে জানার সহজ মাধ্যম। গল্প, তথ্য ও সুন্দর ছবির সমন্বয়ে বইটি ছোটদের পাঠের আনন্দ বাড়িয়ে দেবে। বইটি প্রকাশ করেছে ময়ূরপঙ্খী। ছবি এঁকেছেন রাকিবুর রহমান। আর ঝুমির এই আনন্দময় চিড়িয়াখানা ভ্রমণের গল্প লিখেছেন নাজিয়া জাবীন।