২৪ ঘন্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির রেকর্ড, ১ জনের মৃত্যু

স্টার অনলাইন রিপোর্ট

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে সর্বোচ্চসংখ্যক রোগী ভর্তি হওয়ার নতুন রেকর্ড হয়েছে। সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এসময় ডেঙ্গুতে খুলনা বিভাগে মারা গেছেন একজন।

আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

এর আগে গত ১১ আগস্টের প্রতিবেদনে ২৪ ঘণ্টায় ৭৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন রোগীদের নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৮৪৮ জনে।

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ৭১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪৩ জন নারী ও ২৮ জন পুরুষ। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সর্বোচ্চ ২৪ জনের মৃত্যু হয়েছে।

আজ সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৭৫৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।