ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ১৯০২

স্টার অনলাইন রিপোর্ট

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নয়জন মারা গেছেন। চলতি বছর একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯০২ জন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত ২৭১ জন মারা গেছেন। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮ হাজার ৩৬০ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় তিনজন, বরিশাল বিভাগে দুজন এবং চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন। তাদের মধ্যে পাঁচজন পুরুষ ও চারজন নারী।

এর আগে গত ৮ সেপ্টেম্বরও ডেঙ্গুতে দেশে নয়জন মারা যান। ওই মাসে সারাদেশে মৃত্যু হয় ১৪৮ জনের। চলতি বছর ডেঙ্গুতে সর্বোচ্চ ৭৪ জন মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়।