বাব আল-মান্দেব পুনর্দখলে অভিযান শুরু করেছে ইয়েমেনি বাহিনী
বেশ কিছুদিন ধরে ইয়েমেনের গুরুত্বপূর্ণ নৌচলাচলের পথ বাব আল-মান্দেব প্রণালি হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে আছে।
আজ শুক্রবার ওই প্রণালি পুনর্দখলে অভিযান শুরু করেছে দেশটির সরকারি বাহিনী।
ইয়েমেনের এক সামরিক সূত্রের বরাতে বার্তাসংস্থা এএফপি জানায়, সেখানে লড়াই চলছে।
ওই সূত্র জানিয়েছেন, সৌদি বিমানবাহিনীর সহায়তায় ওই প্রণালিতে ‘বড় ধরনের অভিযান’ শুরু করেছে সরকারি বাহিনী।
‘লড়াই তীব্র হচ্ছে এবং অগ্রগতি এখনো সীমিত’, যোগ করেন তিনি।
তবে প্রণালির দক্ষিণে সরকারি বাহিনীর একটি হামলা প্রতিহত করার দাবি করেছে হুতি বিদ্রোহীরা।
এরপরই ইয়েমেনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত মোহাম্মদ আল-জাবের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘হুতি মিলিশিয়ার হাত থেকে বাব আল-মান্দেব মুক্ত করা হয়েছে।’
তবে তিনি এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি।
এর আগে সোমবার বাব আল-মান্দেব প্রণালির উপকূলবর্তী একটি এলাকা হুতি বিদ্রোহীদের কাছ থেকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করে সরকারি বাহিনী।
গত মাসে ঝটিকা অভিযান চালিয়ে ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে হুতি বিদ্রোহীরা।
চলতি সপ্তাহে হুতিদের হাত থেকে নিজেদের ভূখণ্ডের দখল ফিরে পেতে পাল্টা অভিযান শুরুর ঘোষণা দেয় ইয়েমেন সরকার।
ইরান-ওমান সংলগ্ন হরমুজ প্রণালিতে নৌচলাচল বন্ধ থাকার কারণে লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে অবস্থিত সংকীর্ণ সমুদ্রপথ বাব আল-মান্দেব সৌদি আরবের তেল রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
