ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা ট্রাম্পের, কমছে শুল্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছেন। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করবে। বিবিসির খবরে এমনটি জানানো হয়েছে।
সোমবার ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ভারত সব ধরনের বাণিজ্য প্রতিবন্ধকতা শূন্যে নামিয়ে আনবে এবং রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করবে। রাশিয়ার তেল কেনা বন্ধ না করায় দিল্লির ওপর শাস্তি হিসেবে যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল, সেটিও তুলে নেওয়া হবে।
কদিন আগেই ভারত ও ইউরোপীয় ইউনিয়ন একটি বড় ও ঐতিহাসিক বাণিজ্য চুক্তি করে। সেই চুক্তির এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ট্রাম্পের নতুন চুক্তির ঘোষণা এলো।
ভারতের প্রধানমন্ত্রী মোদি এক্স হ্যান্ডলে লিখেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হওয়ায় তিনি 'খুবই আনন্দিত'।
আর প্রেসিডেন্ট ট্রাম্প তার পোস্টে লেখেন, (সোমবার) সকালে মোদির সঙ্গে তার ফোনালাপে বাণিজ্য এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হয়েছে।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, মোদি রাশিয়ার তেল বাদ দিয়ে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা থেকে আরও বেশি তেল কিনতে সম্মত হয়েছেন।
ট্রাম্প আরও জানান, মোদির অনুরোধে তিনি সঙ্গে সঙ্গেই একটি 'বাণিজ্য চুক্তিতে' সম্মত হয়েছেন, যার মাধ্যমে শুল্ক কমানো হবে এবং ভারতের শুল্ক ও অন্যান্য বাণিজ্য প্রতিবন্ধকতা শূন্যে নামবে।
এ ছাড়া ট্রাম্প আরও লেখেন, মোদি ৫০০ বিলিয়ন ডলারের (প্রায় ৩৬৬ বিলিয়ন পাউন্ড) বেশি মূল্যের মার্কিন পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছেন, যার মধ্যে জ্বালানি, প্রযুক্তি, কৃষি ও কয়লাজাত পণ্যও রয়েছে।
গত বছরের আগস্টে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করে, যা ছিল এশিয়ার কোনো দেশের জন্য সর্বোচ্চ। এর মধ্যে ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক ছিল, যা বসানো হয়েছিল রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখার কারণে। এতে দুই দেশের বাণিজ্য সম্পর্ক চাপের মধ্যে পড়ে।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিবিসিকে জানান, রাশিয়ার তেলের সঙ্গে যুক্ত অতিরিক্ত শুল্ক এই চুক্তির অংশ হিসেবে তুলে নেওয়া হবে এবং অন্যান্য শুল্কও কমিয়ে ১৮ শতাংশে স্থির করা হবে।
ভারতের প্রধানমন্ত্রী মোদি তার দেশের জনগণের পক্ষ থেকে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন।