বাংলাদেশ-আইসিসি দ্বন্দ্ব নিয়ে নীরবতা ভাঙল শ্রীলঙ্কা
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়াকে কেন্দ্র করে বাংলাদেশ ও আইসিসির মধ্যে দ্বন্দ্ব চলে প্রায় তিন সপ্তাহ ধরে। শেষমেশ বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই দীর্ঘ টানাপোড়েন চলাকালীন নীরব থাকা শ্রীলঙ্কা এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছে।
নিরাপত্তা শঙ্কায় ভারত থেকে নিজেদের ম্যাচগুলো সরিয়ে নেওয়ার জন্য আইসিসিকে অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যৌথভাবে অনুষ্ঠেয় বিশ্বকাপের গ্রুপ পর্বে টাইগারদের চারটি ম্যাচের সবকটি ছিল ভারতে— তিনটি কলকাতায় ও একটি মুম্বাইতে। উগ্রবাদীদের দাবিতে ভারত ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে আইপিএল থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার কঠোর প্রতিক্রিয়ায় এই অনুরোধ করা হয়েছিল। পাশাপাশি ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি তুলেছিল বিসিবি।
দফায় দফায় চিঠি চালাচালি ও বৈঠকের পর বাংলাদেশের অনুরোধ প্রত্যাখ্যান করে আইসিসি। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য তারা ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয়। কিন্তু সরকারের সঙ্গে আলোচনা করে বিসিবি তাদের অবস্থানে অনড় থাকে। শেষ পর্যন্ত বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার সুযোগ দিয়েছে আইসিসি।
সব মিলিয়ে বিশ্ব ক্রিকেটে তৈরি হয়েছে তুমুল উত্তেজনা। আইসিসির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে পাকিস্তানও। বাংলাদেশের সঙ্গে সংহতি জানিয়ে তাদের বিশ্বকাপ বয়কটের সম্ভাবনা নিয়ে গত কিছুদিন ধরে জোরাল আলোচনা চলছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভিও সেই ইঙ্গিত দিয়েছেন।
তবে শ্রীলঙ্কা কোনো আঞ্চলিক দ্বন্দ্বে জড়াতে চায় না। বার্তা সংস্থা এএফপিকে দেশটির ক্রিকেট বোর্ডের (এসএলসি) সচিব বান্দুলা দিশানায়েকে বলেছেন, 'ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার এসব দ্বন্দ্বে আমরা নিরপেক্ষ থাকছি। এরা সবাই আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র।' যদিও ভবিষ্যতে কোনো দেশ অনুরোধ করলে তাদের ম্যাচ শ্রীলঙ্কা আয়োজন করতে ইচ্ছুক বলে জানিয়েছেন তিনি।
আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। চারটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে মোট ২০টি দল। বাংলাদেশের পরিবর্তে অন্তর্ভুক্ত হওয়া স্কটল্যান্ড 'সি' গ্রুপে ইংল্যান্ড, ইতালি, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। বাছাইপর্ব পার হতে না পারা দলগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে সবার উপরে থাকায় কপাল খুলেছে তাদের।