উড়োজাহাজ দুর্ঘটনায় মারা গেছেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার

By স্টার অনলাইন ডেস্ক

উড়োজাহাজ দুর্ঘটনায় মারা গেছেন ভারতের মহারাষ্ট্র রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী ও জাতীয়তাবাদী কংগ্রেস দলের (এনসিপি) নেতা অজিত পাওয়ার।

আজ বুধবার এই তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দু ও স্টেটসম্যান।

আজ সকালে অজিত পাওয়ারকে বহনকারী চার্টার্ড উড়োজাহাজ মহারাষ্ট্র রাজ্যের পুনে জেলার বারামতি শহরের বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়।  

আজ সকালে স্থানীয় সময় পৌনে ৯টার দিকে বারামতি বিমানবন্দরের রানওয়েতে অবতরণের সময় দুর্ঘটনা কবলিত হয় উড়োজাহাজটি। রয়টার্স জানিয়েছে, মুম্বাই থেকে আসা উড়োজাহাজটি সেখানে জরুরি অবতরণের চেষ্টা চালিয়েছিল। 

বেসামরিক বিমান চলাচল দপ্তরের বরাত দিয়ে দ্য হিন্দু জানিয়েছে, দুর্ঘটনায় অজিতসহ উড়োজাহাজের সকল আরোহী মারা গেছেন।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, এই দুর্ঘটনায় অজিতের পাশাপাশি তার দুই নিরাপত্তাকর্মী ও দুই পাইলটেরও প্রাণহানি হয়েছে।

আসন্ন জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বারামতি সফরে যাচ্ছিলেন অজিত। সেখানে তার চারটি জনসভায় অংশ নেওয়ার কথা ছিল। বিধ্বস্ত বম্বারডিয়ার লিয়ারজেট ৪৫ উড়োজাহাজটি মুম্বাই থেকে চার্টার করা হয়েছিল। 

ঘটনাস্থলের কিছু ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে। এগুলোতে বিধ্বস্ত উড়োজাহাজের ধ্বংসস্তূপ দেখা যায়।

দুর্ঘটনার পর অল্প সময়ের মধ্যে পুলিশের কর্মকর্তা ও জরুরি সেবাদাতারা ঘটনাস্থলে ছুটে যান। তবে মরদেহ উদ্ধারসহ অন্যান্য বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।