রোজার শেষ দিনগুলোতে ঘরেই বানাতে পারেন এই খাবারগুলো

স্টার লাইফস্টাইল ডেস্ক

রোজার মাসে পরিবারের সবাইকে নিয়ে ইফতারের টেবিলে বসার আনন্দই আলাদা। প্রতিদিনের পরিচিত খাবারের পাশাপাশি টেবিলে যদি থাকে ভিন্ন স্বাদের কিছু ঘরোয়া পদ, তাহলে সেই মুহূর্ত আরও বিশেষ হয়ে ওঠে।

রোজার শেষ দিনগুলোতে ঘরেই তৈরি করার মতো রুটি, মিষ্টান্ন ও ডেজার্টের রেসিপি এখানে তুলে ধরা হলো, যা ইফতার বা উৎসবের দাওয়াত—দুটোতেই যোগ করতে পারে নতুন স্বাদ।

Food

রুটি ও বেকড খাবার

স্টাফড ক্যারট হালুয়া বান

গাজরের হালুয়া আর নরম পাউরুটির মিশেলে তৈরি হয় এই বিশেষ বান।

উপকরণ

ডো তৈরির জন্য: ৩ কাপ ময়দা, আধা চা চামচ লবণ, দেড় চা চামচ চিনি, আড়াই চা চামচ ইস্ট, ১টি ডিম, ১/৪ কাপ কুসুম গরম দুধ, দেড় টেবিল চামচ কুসুম গরম পানি, ১ টেবিল চামচ তেল, প্রয়োজনমতো পানি।

পুরের জন্য: ৫০০ গ্রাম গাজর, ১ কাপ দুধ, ২–৩টি এলাচ, ১/৪ কাপ চিনি, ২ টেবিল চামচ ঘি, ১/৪ কাপ মাওয়া, ১/৪ কাপ বাদাম কুচি।

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি বাটিতে ময়দা, লবণ, চিনি ও ইস্ট মিশিয়ে নিন। এরপর ডিম ও দুধ দিয়ে মিশিয়ে প্রয়োজনমতো পানি দিয়ে ডো তৈরি করুন। ডো কিছুটা আঠালো হলে তেল দিয়ে মসৃণ করে ঢেকে গরম স্থানে দুই ঘণ্টা রেখে দিন।

এদিকে গাজর কুরিয়ে দুধ ও এলাচ দিয়ে মাঝারি আঁচে রান্না করুন। ২০ মিনিট পর ঘি ও চিনি দিন। পানি শুকিয়ে এলে মাওয়া ও বাদাম মিশিয়ে নামিয়ে রাখুন।

ডো ফুলে উঠলে ছোট বল বানিয়ে ভেতরে গাজরের হালুয়া দিয়ে অর্ধচন্দ্রাকারে বন্ধ করুন। ১৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২০–২৫ মিনিট বেক করুন।

নকশি ব্রেড

ফুলের আকৃতির এই রুটি উৎসবের টেবিলে বিশেষ সৌন্দর্য যোগ করে।

উপকরণ

৪ কাপ ময়দা

১টি ডিম

৩ টেবিল চামচ চিনি

১/২ কাপ কুসুম গরম দুধ

দেড় চা চামচ ইস্ট

১ টেবিল চামচ তিল

১ টেবিল চামচ মাখন

৩ টেবিল চামচ তেল

১/৪ কাপ কিসমিস

১/৪ কাপ ক্যান্ডিড ফল

এক চিমটি লবণ

প্রয়োজনমতো পানি

প্রস্তুত প্রণালি

ময়দা, লবণ, চিনি ও ইস্ট মিশিয়ে তাতে ডিম, দুধ ও তেল দিন। প্রয়োজনমতো পানি দিয়ে ডো তৈরি করে তেল মাখানো বাটিতে ৩০ মিনিট ঢেকে রাখুন।

ডো ফুলে উঠলে ছোট ডিস্ক তৈরি করে ভেতরে ক্যান্ডিড ফল দিয়ে অর্ধচন্দ্রাকারে ভাঁজ করুন। কিসমিস দিয়ে পাপড়ির মতো সাজিয়ে গোল বেকিং ডিশে ফুলের আকারে সাজান।

১৮০ ডিগ্রি সেলসিয়াসে ৪০–৪৫ মিনিট বেক করুন। বের করার পর ওপরে মাখন ব্রাশ করে পরিবেশন করুন।

Food

ঐতিহ্যবাহী মিষ্টি

মিষ্টি আলুর হালুয়া

শীতের একটি পরিচিত ঘরোয়া মিষ্টান্ন।

উপকরণ

২ কাপ কুরানো মিষ্টি আলু

১ কাপ ফুল ক্রিম দুধের গুঁড়ো

১/৪ চা চামচ এলাচ গুঁড়ো

১/৪ কাপ ঘি

১/৪ কাপ বাদাম কুচি

দেড় কাপ চিনি

প্রস্তুত প্রণালি

প্যানে ঘি গরম করে কুরানো আলু কম আঁচে ভাজুন। হালকা সোনালি হলে দুধের গুঁড়ো, চিনি ও এলাচ দিন। ভালোভাবে নেড়ে পানি শুকিয়ে এলে বাদাম দিয়ে নামিয়ে পরিবেশন করুন।

হাবশি হালুয়া

গাঢ় রঙ ও ঘন স্বাদের এই হালুয়া একসময় উৎসবের বড় দাওয়াতে পরিবেশন করা হতো।

উপকরণ

২ লিটার দুধ

৩ টেবিল চামচ সাদা ভিনেগার

১ চা চামচ সিট্রিক অ্যাসিড

১ কাপ চিনি

২ টেবিল চামচ কোকো পাউডার

১/২ কাপ ময়দা

১/২ কাপ বাদাম কুচি

১/২ কাপ আখরোট কুচি

দেড় কাপ ঘি

১ চা চামচ এলাচ গুঁড়ো

পেস্তা কুচি

৪ টেবিল চামচ লিকুইড গ্লুকোজ

প্রস্তুত প্রণালি

দুধ ফুটিয়ে সিট্রিক অ্যাসিড দিয়ে কেটে নিন। পানি শুকানো পর্যন্ত রান্না করুন। এরপর কোকো, এলাচ, চিনি, ময়দা ও অর্ধেক ঘি মিশিয়ে নাড়তে থাকুন।

ধীরে ধীরে বাকি ঘি দিন। মিশ্রণ ঘন হয়ে এলে বাদাম ও গ্লুকোজ দিন। শেষে ট্রেতে ঢেলে ঠান্ডা করে কেটে পরিবেশন করুন।

Food

ভিন্নধর্মী মিষ্টান্ন

ওয়েস্ট আফ্রিকান পিনাট বল

চিনাবাদাম ও মধু দিয়ে তৈরি সহজ একটি মিষ্টি।

উপকরণ

১/২ কাপ পিনাট বাটার

১ কাপ মধু

১ কাপ গুঁড়ো দুধ

১/২ কাপ নারকেল কুচি

প্রস্তুত প্রণালি

পিনাট বাটার ও মধু মিশিয়ে তাতে দুধের গুঁড়ো দিয়ে শক্ত ডো তৈরি করুন। ছোট বল বানিয়ে নারকেল কুচিতে গড়িয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন।

মাফরুকে

মধ্যপ্রাচ্যের একটি ঐতিহ্যবাহী ডেজার্ট।

উপকরণ

২ কাপ কুচানো ফিলো পেস্ট্রি

১ কাপ পানি

১ কাপ চিনি সিরা

১ টেবিল চামচ গোলাপজল

১ টেবিল চামচ কমলার খোসা কুচি

২ কাপ দুধের ক্রিম (আশতা)

বাদাম ও পেস্তা

প্রস্তুত প্রণালি

ফিলো পেস্ট্রি ভেজে তাতে পানি, সিরা ও গোলাপজল মিশিয়ে নাড়তে থাকুন। মিশ্রণ সোনালি হলে ট্রেতে ছড়িয়ে দিন। ওপরে ক্রিম, বাদাম ও পেস্তা ছড়িয়ে ঠান্ডা করে পরিবেশন করুন।

উম্ম আলি

এটি মধ্যপ্রাচ্যের জনপ্রিয় বেকড ডেজার্ট।

উপকরণ

২৫০ গ্রাম পাফ পেস্ট্রি

১ বাটি দুধে রান্না করা সেমাই

১ টুকরা দারুচিনি

৭–৮টি এলাচ

বাদাম, আখরোট, পেস্তা

কিসমিস

নারকেল কুচি

১/৪ কাপ ঘি

প্রস্তুত প্রণালি

প্রথমে সেমাই দুধ দিয়ে ঘন করে রান্না করুন। এরপর বেকিং ডিশে পাফ পেস্ট্রি, বাদাম ও সেমাই স্তরে স্তরে সাজান। কয়েক মিনিট ওভেনে বেক করে গরম গরম পরিবেশন করুন।