কালি ও কলম সাহিত্য পুরস্কার পেলেন ডেইলি স্টারের রবিউল কমলসহ ৪ তরুণ

স্টার অনলাইন রিপোর্ট

‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৫’ পেয়েছেন কবি রনক জামান, প্রাবন্ধিক ও গবেষক রাফাত আলম, কথাসাহিত্যিক হামিম কামাল এবং ডেইলি স্টারের সাংবাদিক ও শিশুসাহিত্যিক রবিউল কমল।

কালি ও কলমের দেওয়া এক সংবাদবিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ শনিবার সন্ধ্যা ৬টায় ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে সিটি ব্যাংক-নিবেদিত ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৫’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’-এর ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর বিচারকমণ্ডলীর সদস্য ও বিশিষ্ট সাহিত্যিক ইমদাদুল হক মিলন পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।

এবার কবিতা বিভাগে রনক জামান তার ‘এই গ্রাম কুড়িয়ে পেয়েছি’ গ্রন্থের জন্য, প্রবন্ধ ও গবেষণা বিভাগে রাফাত আলম তার ‘বাংলাদেশ পাঠ: সাহিত্যিক ও সাংস্কৃতিক ক্রিয়াশীলতার অনুষঙ্গে’ গ্রন্থের জন্য এবং কথাসাহিত্য বিভাগে হামিম কামাল ‘ত্রিস্তান’ গ্রন্থের জন্য পুরস্কার পেয়েছেন। শিশু-কিশোর সাহিত্য বিভাগে রবিউল কমল তার ‘দস্যু ও দুই দুরন্ত’ গ্রন্থের জন্য এ পুরস্কার অর্জন করেন।

মুক্তিযুদ্ধ ও বিপ্লব বিভাগে মানসম্মত গ্রন্থ না পাওয়ায় এবার কোনো পুরস্কার দেওয়া হয়নি।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক আবুল আহসান চৌধুরী। বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘বাংলা সাহিত্যের সমৃদ্ধ ইতিহাসকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার অনেক বড় দায়িত্ব এখন তোমাদের ওপর।’

অন্যান্য সাহিত্যিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি ৫০ বছর বয়স পার হওয়ার পর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছিলাম, অথচ তোমরা ৪০ ছোঁয়ার আগেই এমন একটি সুন্দর প্ল্যাটফর্ম পাচ্ছ। আশা করি, এই বিশেষ সুযোগটি তোমাদের ভবিষ্যতে আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক হাসনাত আবদুল হাই। তিনি পুরস্কারের নির্ধারিত পাঁচটি বিভাগের সৃজনশীল ও মননশীল নানা দিক তুলে ধরেন। ভাষার সঠিক ও প্রমিত ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘ভাষাই মূলত সাহিত্যের মূল বাহন, তাই সাহিত্যের গভীরতা স্পর্শ করতে হলে ভাষার প্রতিটি অলিগলি ও সূক্ষ্মতা জানা ছাড়া আর কোনো বিকল্প নেই।’

পাশাপাশি আগামী দিনে ‘ভ্রমণ সাহিত্য’কে নতুন একটি বিভাগ হিসেবে যুক্ত করার অনুরোধ জানান তিনি।

অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, কালি ও কলমের সম্পাদকমণ্ডলীর সদস্য ফারুক মাহমুদ এবং বেঙ্গল ফাউন্ডেশনের ট্রাস্টিবোর্ডের সদস্য ও মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সাহিত্য, শিল্প ও সংস্কৃতিবিষয়ক মাসিক পত্রিকা ‘কালি ও কলম’ বাংলাদেশের নবীন কবি ও লেখকদের সৃজনধারায় গতি সঞ্চার ও উৎসাহিত করার লক্ষ্যে ২০০৮ সাল থেকে ধারাবাহিকভাবে এ পুরস্কার দিয়ে আসছে। এ পর্যন্ত ৭১ জন তরুণ কবি ও লেখক এই স্বীকৃতি পেয়েছেন। পুরস্কারের অর্থমূল্য ২ লাখ টাকা।