ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল কোরবানির পশুবাহী পিকআপভ্যান

নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কোরবানির পশুবাহী একটি পিকআপভ্যান দুমড়ে-মুচড়ে গেছে। এতে পিকআপ চালক আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টা ১০ মিনিটের দিকে আখাউড়া রেল থানাধীন বিজয়নগর উপজেলার কাশিনগর এলাকার নতুন রাস্তার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

সিলেট রেলওয়ের পুলিশ সুপার জান্নাত আফরোজ দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রেল পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কাশিনগর এলাকায় কোরবানির পশুবাহী একটি মিনিপিকআপের সঙ্গে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। এতে পিকআপটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।

আহত পিকআপ চালক মো. শান্ত (২৩) হাসপাতালে চিকিৎসাধীন।

পিকআপে থাকা গরুটি গুরুতর আহত হলে স্থানীয় লোকজন ঘটনাস্থলেই সেটিকে জবাই করেন।

রেল পুলিশের তথ্য অনুযায়ী, ওই ক্রসিংয়ে কোনো সিগন্যাল বার বা স্পিড ব্রেকার ছিল না। শুধু সতর্কীকরণ সাইনবোর্ড ছিল।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।