গাজীপুরে পৌরসভার এক্সকাভেটর চাপায় আহত পথচারীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে পৌরসভার এক্সকাভেটরের চাপায় আহত হয়ে এক পথচারী মারা গেছেন।

আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে শ্রীপুর সদরের কাঁচাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মজু মুন্সী (৭০) শ্রীপুরের ভাংনাহাটি গ্রামের বাসিন্দা।

শ্রীপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঞা বলেন, 'ঘটনাস্থলের কাছেই আমি ছিলাম। আহত হওয়ার সঙ্গে সঙ্গে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেছি।'

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীপুর কাঁচাবাজারসংলগ্ন এলাকায় সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান চলছিল। শ্রীপুর পৌরসভার একটি এক্সকাভেটর ঘটনাস্থলে নেওয়া হচ্ছিল। এসময় বাজার করতে আসা মজু মুন্সী হঠাৎ এক্সকাভেটরের নিচে চাপা পড়েন। পরে তাকে দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘পায়ে আঘাত নিয়ে তাকে হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ‘অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ইউএনও নাহিদ ভূঞা বলেন, 'চালকের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।'