আতপ চালের চাহিদা নিয়ে গবেষণা জরুরি: খাদ্যমন্ত্রী

স্টার অনলাইন রিপোর্ট

চালের চাহিদা ও ভোগের ধরন সম্পর্কে সঠিক তথ্য-উপাত্ত সংগ্রহের মাধ্যমে খাদ্যনীতি প্রণয়ন জরুরি বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

এতে দেশের বিভিন্ন অঞ্চলে আতপ চালের ব্যবহার ও চাহিদা সম্পর্কে কার্যকর পরিকল্পনা গ্রহণের সুযোগ তৈরি হবে বলেও মনে করেন তিনি।

আজ বৃহস্পতিবার ঢাকায় খাদ্য অধিদপ্তরের প্রশিক্ষণ হলরুমে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট (এফপিএমইউ) আয়োজিত ‘বাংলাদেশের বাছাইকৃত এলাকায় সুগন্ধহীন সাদা চালের (আতপ চাল) চাহিদা ও ভোগ বিষয়ক গবেষণা’ শীর্ষক গবেষণার কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘মানুষের কাছে পর্যাপ্ত, নিরাপদ ও মানসম্মত খাদ্য পৌঁছে দেওয়া আমাদের বড় দায়িত্ব।’

পিঠা ও ঐতিহ্যবাহী খাবার তৈরিতে আতপ চালের ব্যবহার রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘শুধু কয়েকটি অঞ্চলের নয়, সারা দেশে আতপ চালের ভোগ ও চাহিদার চিত্র জানা প্রয়োজন।’

আফরোজা আরও বলেন, ‘খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব শুধু খাদ্যের মজুত নিশ্চিত করা নয়; মানুষের প্রয়োজন, পছন্দ ও পুষ্টিগত চাহিদার বিষয়টিও বিবেচনায় নেওয়া প্রয়োজন।’

এ সময় গবেষকরা চালের পুষ্টিগত পার্থক্য তুলে ধরেন।