নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেট থাকবে না, কাজ করছে সরকার: খাদ্যমন্ত্রী
নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজারে ‘সিন্ডিকেট’ দূর করতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি খাদ্যগুদাম (সিএসডি) পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘কোনো সরকারই সিন্ডিকেট পছন্দ করে না। আমরাও চাই, সিন্ডিকেট বলে যেন কোনো শব্দই না থাকে। কারণ সিন্ডিকেটের অস্তিত্ব থাকলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়।’
দেশের খাদ্য মজুত ও বাজার পরিস্থিতি ভালো রয়েছে দাবি করে আফরোজা খানম বলেন, ‘খাদ্য সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। কোথাও কোনো সমস্যা দেখা দিলে দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
জনগণের কাছে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য পৌঁছে দেওয়াই খাদ্য মন্ত্রণালয়ের মূল লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, দেশের খাদ্যগুদাম ও সংশ্লিষ্ট স্থাপনাগুলো আরও উন্নত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।
পুষ্টিকর চাল উৎপাদন প্রকল্পের বিষয়ে খাদ্যমন্ত্রী বলেন, প্রকল্পটি চালুর নির্দিষ্ট সময় এখনো নির্ধারণ করা হয়নি। মঙ্গলবার প্রকল্পটি পরিদর্শন করা হয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব এটি চালুর চেষ্টা করা হবে।
এর আগে সকাল ১০টার দিকে ঢাকার পোস্তগোলা সরকারি আধুনিক ময়দা মিল পরিদর্শনের মাধ্যমে খাদ্যমন্ত্রীর দিনের কর্মসূচি শুরু হয়। পরে তিনি নারায়ণগঞ্জ সাইলো এবং সেখানে থাকা নারায়ণগঞ্জ প্রিমিক্স কার্নেল মিল পরিদর্শন করেন।
এসময় খাদ্যশস্য সংরক্ষণ, মজুত সক্ষমতা, মিলের কার্যক্রম ও সার্বিক খাদ্য ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন খাদ্যমন্ত্রী।
আফরোজা খানম বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বের অংশ হিসেবে দেশের বিভিন্ন খাদ্য সংরক্ষণাগার ও স্থাপনা পরিদর্শন করা হচ্ছে। এসব স্থাপনার অবস্থা, খাদ্যশস্য সংরক্ষণ ব্যবস্থা ও কর্মীদের কাজের পরিবেশ সরেজমিনে দেখে প্রয়োজনীয় উন্নয়ন ও সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে।’
এসময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানসহ খাদ্য বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।