রামিসা হত্যায় ঈদের আগে চার্জশিট হলে পরপরই বিচার শুরু: আইনমন্ত্রী

স্টার অনলাইন রিপোর্ট

রামিসা হত্যা মামলার বিচার দ্রুততম সময়ে সম্পন্ন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

আজ শনিবার রাজধানীর মহাখালীতে এক কর্মশালায় তিনি বলেন, ‘এই মামলা যত দ্রুত শেষ করা সম্ভব, আমরা সেই সময়ের মধ্যেই সম্পন্ন করব।’

আইনমন্ত্রী বলেন, ‘মাগুরার আছিয়া হত্যা মামলায় চার্জশিট দাখিলের পর বিচার শেষ করতে এক মাস সময় লেগেছিল। এছাড়া ১৯৪৮ সালের মুলুক চাঁদ মামলার উদাহরণ দেখিয়ে বলেন, সেই মামলায় একদিনেই বিচারকাজ সম্পন্ন হয়েছিল।’

‘আমাদের বিদ্যমান আইনের বিধান অনুসরণ না করে চার্জশিট দাখিল করা হলে প্রসিকিউশনের ক্ষেত্রে “ফ্যাটাল ইনজুরি” থেকে যেতে পারে। এ ধরনের মামলায় ডিএনএ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ। আমাদের যখন ডিএনএ পরীক্ষা করার সুযোগ রয়েছে, তখন তা অবশ্যই করা উচিত,’ মন্ত্রী আরও বলেন।

এ মামলায় ৭২ ঘণ্টার মধ্যে ডিএনএ পরীক্ষার রিপোর্ট পাওয়ার চেষ্টা চলছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ঈদের আগে চার্জশিট দাখিল করা সম্ভব হলে, ঈদের পরপরই বিচারিক প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে।’

দেশ-বিদেশের মানুষের প্রত্যাশা পূরণ করে দ্রুত এ মামলার বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ আন্তরিক বলেও জানান আসাদুজ্জামান।

রামিসার পাশাপাশি অন্যান্য ধর্ষণ মামলাগুলোও সরকার পর্যবেক্ষণে রেখেছে বলে জানান মন্ত্রী।