সবুজবাগে ময়লার স্তূপে পড়ে থাকা শপিং ব্যাগে মিললো নারীর খণ্ডিত দেহ

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর সবুজবাগ এলাকায় একটি শপিং ব্যাগের থেকে এক নারীর মাথা ও দুই হাত উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মাদারটেক বাগানবাড়ি খালপাড় এলাকায় একটি কালভার্টের নিচে ময়লার স্তূপে শপিং ব্যাগটি পাওয়া যায়।

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) নূর-এ-আলম সিদ্দিকী দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশের ধারণা, ওই নারীর বয়স আনুমানিক ২০ বছর।

‘পরিচয় শনাক্তে সিআইডির (পুলিশের অপরাধ তদন্ত বিভাগ) ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহের খণ্ডিত অংশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে,’ বলেন নূর-এ-আলম।

তিনি আরও জানান, ‘শরীরের অবশিষ্ট অংশ এখনো পাওয়া যায়নি।’

এই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সকালে কয়েকজন পথচারী ময়লার স্তূপে শপিং ব্যাগ দেখতে পেয়ে থানায় জানান। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল গিয়ে খণ্ডিত মরদেহ উদ্ধার করে।

নূর-এ-আলম জানান, পুলিশ আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে।