মাগুরায় ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
মাগুরা সদর উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
ঘটনার চার দিন পর শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাতে শিশুটিকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার পর বিষয়টি জানাজানি হয়।
প্রভাবশালীদের চাপ এবং অভিযুক্তের পরিবারের অনুরোধে শিশুটির পরিবার এত দিন বিষয়টি গোপন রেখেছিল বলে জানা গেছে।
অভিযুক্ত আকরাম হোসেন লিটু শিশুটির প্রতিবেশী।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার মায়ের সঙ্গে খেতে মরিচ তুলতে যায় শিশুটি। প্রচণ্ড গরমে অসুস্থ বোধ করায় সে মাকে খেতে রেখে একাই বাড়িতে ফিরে আসে। এ সময় লিটু শিশুটিকে তার বাড়িতে ডেকে নিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করেন।
ঘটনার পরপরই ওই শিশু লিটুর মেয়েকে বিষয়টি জানায়। পরে লিটুর মেয়ে মরিচখেতে গিয়ে শিশুর মাকে ঘটনাটি জানায়। এরপর লিটু শিশুর মাকে বিষয়টি কাউকে না জানানোর অনুরোধ করেন। এ কারণে তিনি বিষয়টি গোপন রাখেন।
তবে পরবর্তী চার দিনে শিশুর শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তার মা বিষয়টি স্বামী ও পরিবারের অন্য সদস্যদের জানান।
পরে বৃহস্পতিবার শিশুটিকে মাগুরা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে গাইনি বিভাগে ভর্তি করেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আল মামুন বলেন, ‘শিশুটির পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মাগুরা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহসিন উদ্দিন ফকির বলেন, ‘শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে বর্তমানে চিকিৎসাধীন। তার মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে।’