কক্সবাজারে আবারও পাহাড়ধস, প্রাণ গেল ২ শিশুর
টানা ভারী বৃষ্টিতে কক্সবাজারের চকরিয়া উপজেলায় পাহাড়ধসে দুই শিশু নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোররাত ২টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের মহছনিয়াকাটা এলাকার দেবলতলীতে এই দুর্ঘটনা ঘটে।
দুই শিশু হলো—বরইতলী দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী রুমি আক্তার (১৩) ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ওয়াহিদুল ইসলাম (১০)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীন দেলোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আবদুল মজিদ ও তার ভাই মোহাম্মদ কাজল একই বাড়িতে সপরিবারে বাস করতেন। রাত ২টার দিকে ওই বাড়ির ওপর পাহাড়ের মাটি ধসে পড়ে। চাপা পড়ে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়।
মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শোকসন্তপ্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে, জানান তিনি।
শাহীন আরও বলেন, ‘পরিবারগুলো বন বিভাগের মালিকানাধীন একটি পাহাড়ের পাদদেশে বসবাস করছিল। আশেপাশের এলাকায় একইভাবে আরও কয়েকটি পরিবার বসবাস করছে। তাদের সবাইকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।’