যাত্রীর মৃত্যু, দেশে ফিরল ওমানে জরুরি অবতরণ করা বিমানের ফ্লাইট
যাত্রী অসুস্থ হওয়ায় ওমানে জরুরি অবতরণ করা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি দেশে ফিরেছে।
জেদ্দা থেকে চট্টগ্রামগামী ফ্লাইটটি আজ বুধবার বিকেল পৌনে ৩টার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ফ্লাইটে এক নারী যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ায় সেটি ওমানের মাস্কাটে জরুরি অবতরণ করে। মাস্কাট বিমানবন্দরের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করার পর ফ্লাইটটি আবার বাংলাদেশের উদ্দেশে রওনা দেয় বলে জানান তিনি।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ফ্লাইট বিজি-১৩৬ জেদ্দা বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে উড্ডয়নের পর চট্টগ্রামের যাত্রী সানোয়ারা বেগম (৫৫) অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।
বাংলাদেশ দূতাবাসের সহায়তায় তার মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।