রাঙ্গামাটির ৩ রিসোর্টকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা
অননুমোদিত ও আমদানিকারকবিহীন কাশ্মীরি মরিচ ব্যবহার এবং কাঁচা মাংসের সঙ্গে বাসি খাবার সংরক্ষণসহ একাধিক অভিযোগে রাঙ্গামাটির তিনটি রিসোর্টকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে বার্গী লেকভ্যালী রিসোর্টকে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা বাসি খাবার সংরক্ষণ, অননুমোদিত কাশ্মীরি মরিচ খাবারে ব্যবহার এবং কটেজের রুমভাড়া ও খাবারের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করায় দুই লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া রিসাং রিসোর্টকে কটেজের রুমভাড়া ও খাবারের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করা এবং অননুমোদিত কাশ্মীরি মরিচ খাবারে ব্যবহার করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, রেং রিসোর্ট ও রেস্টুরেন্টকে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রক্রিয়াজাত করা এবং রান্নাঘরে রান্নার উপকরণের ওপরে মাকড়সার জাল ও একাধিক মাকড়সার উপস্থিতি পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তামজিদ রহমান এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাঙ্গামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) রানা দেব নাথ যৌথভাবে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় কোতোয়ালি থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
অভিযান প্রসঙ্গে জানতে চাইলে রানা দেব নাথ বলেন, অননুমোদিত ও আমদানিকারকবিহীন কাশ্মীরি মরিচ খাবারে ব্যবহার এবং মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করাসহ একাধিক অপরাধে তিনটি রিসোর্ট ও রেস্টুরেন্টকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, একইসঙ্গে আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও রিসোর্টে সেবার মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন এবং তালিকায় উল্লেখিত মূল্যের চেয়ে বেশি না রাখার অনুরোধ জানাচ্ছি।