ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: প্রতীক বরাদ্দের পরই প্রচারণায় বিএনপি-জামায়াত প্রার্থী
ঠাকুরগাঁও-১ (সদর–রুহিয়া–ভূল্লী) আসনের উপনির্বাচনে প্রতীক বরাদ্দের পরই প্রচারণায় নেমেছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীরা।
আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে প্রতীক বরাদ্দ পাওয়ার পর বিকেল থেকেই শহরের চৌরাস্তাসহ বিভিন্ন এলাকায় প্রচারণা শুরু করেন বিএনপি ও জামায়াতের প্রার্থী। তবে এ আসনে বাকি তিন প্রার্থীকে এখনো প্রচারণায় দেখা যায়নি।
ধানের শীষ প্রতীক পেয়েছেন বিএনপি প্রার্থী ও রাষ্ট্রপতির ছোট ভাই মির্জা ফয়সল আমীন, দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীক, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী বটগাছ প্রতীক এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক পেয়েছেন ডাব প্রতীক।
দুপুর ৩টার দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় ভোটারদের মধ্যে ধানের শীষের লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করতে দেখা যায় মির্জা ফয়সল আমীনকে।
এসময় তিনি বলেন, ‘রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের অভিভাবক। তিনি রাষ্ট্রপতি হওয়ায় আসনটি শূন্য হয়েছে। তিনি এলাকার যে উন্নয়ন কর্মকাণ্ড শুরু করেছিলেন, তার ধারাবাহিকতা ধরে রাখতেই দল আমাকে মনোনয়ন দিয়েছে।’
অন্যদিকে, বিকেল পৌনে ৫টার দিকে শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় প্রচারণায় নামেন জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন।
তিনি বলেন, ‘এই নির্বাচনের পর স্থানীয় নির্বাচন হবে। সেই নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা এবারই বোঝা যাবে।’
এসময় তিনি মির্জা ফখরুলের অনুপস্থিতিতে ভোটাররা তাকেই বেছে নেবেন বলে আশা প্রকাশ করেন।
ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন।
তফসিল অনুযায়ী, নির্বাচনী প্রচারণা চলবে ২৭ অক্টোবর সকাল পর্যন্ত। ২৯ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।