আফগানিস্তানে মসজিদে গুলি চালিয়ে একই পরিবারের ৮ জনকে হত্যা

By স্টার অনলাইন ডেস্ক

আফগানিস্তানের পূর্ব অঞ্চলে নাঙ্গারহার প্রদেশের একটি মসজিদে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে একই পরিবারের আট সদস্য নিহত হয়েছেন।

আল জাজিরা জানায়, শনিবার রাতে নাঙ্গারহার প্রদেশের জালালাবাদ শহরে এ ঘটনা ঘটে। জমি নিয়ে বিরোধের সূত্র ধরে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন প্রদেশটির গভর্নর জিয়াউলহক আমারখিল।

গুলিবর্ষণে পাঁচ ভাই ও তাদের তিন চাচাতো নিহত হয়েছেন।

আমারখিল আল জাজিরাকে বলেন, রমজানের তারাবির নামাজের সময় এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। এটি একটি ‘টার্গেটেড হামলা’। প্রাথমিক তথ্য থেকে জমির বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত বছর এপ্রিলে একই প্রদেশে জমি নিয়ে বিরোধে সশস্ত্র সংঘর্ষে ছয় উপজাতি সদস্য নিহত ও ২০ জন আহত হয়েছিলেন।

নাঙ্গারহার প্রদেশ তালেবান ও আইএসের ‘শক্ত ঘাঁটি’ হিসেবে পরিচিত। এ অঞ্চলটিতে সমতল ভূমি আছে। তাই আফগানিস্তানের কৃষিখাতের জন্য এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।