কোয়েটায় চীনা রাষ্ট্রদূতের অবস্থানকালে হোটেলে বোমা হামলা, নিহত ৪
পাকিস্তানের কোয়েটায় একটি বিলাসবহুল হোটেলে গাড়ি বোমা হামলা হয়। ২১ এপ্রিল ২০২১। ছবি রয়টার্স
পাকিস্তানের কোয়েটায় একটি বিলাসবহুল হোটেলে দেশটির চীনা রাষ্ট্রদূতের অবস্থানকালে গতকাল বুধবার মধ্যরাতে গাড়ি বোমা হামলা হয়েছে।
হামলায় অন্তত চার জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১১ জন।
আজ বৃহস্পতিবার পাকিস্তানের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ গণমাধ্যমকে বলেছেন, পাকিস্তানে চীনের রাষ্ট্রদূত সেই হোটেলটিতে থাকছিলেন। তবে বোমা বিস্ফোরণের সময় তিনি সেখানে অবস্থান করছিলেন না।
বেলুচিস্তান প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল্লাহ লাঙ্গো গণমাধ্যমকে বলেছেন, রাষ্ট্রদূত ভালো আছেন।
পাকিস্তান তালেবান এই হামলার দায় স্বীকার করেছে বলে সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।