বাংলাদেশের ইতিহাসের পর ম্যাকাইতে প্রথম দিনই টিকিট শেষ
ডারউইনে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের রেশ কাটতে না কাটতেই এবার নতুন ইতিহাসের অপেক্ষায় ম্যাকাই। আগামী ২২ আগস্ট থেকে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ এই টেস্টটি হবে ম্যাকাইয়ের ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচ।
বাংলাদেশের কাছে প্রথম টেস্টে ৯ উইকেটের হারের পর ম্যাচটির গুরুত্ব আরও বেড়ে গেছে অস্ট্রেলিয়ার জন্য। সিরিজে সমতা ফেরাতে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের। অন্যদিকে বাংলাদেশ ম্যাচটি ড্র করতে পারলেই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়বে।
ইতিহাসের সাক্ষী হতে দর্শকদের আগ্রহও ইতোমধ্যে স্পষ্ট। ম্যাচের প্রথম দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে। তবে দ্বিতীয় থেকে চতুর্থ দিনের টিকিট এখনো পাওয়া যাচ্ছে।
প্রতিদিন স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হবে খেলা। বাংলাদেশ সময় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
কুইন্সল্যান্ডের এই শহরটি প্রাকৃতিক সৌন্দর্য, বিভিন্ন আয়োজন এবং বিনোদনমূলক মাছ ধরার জন্য বেশ পরিচিত। ফলে ক্রিকেটের পাশাপাশি সফরকারী সমর্থকদের জন্যও ম্যাকাই হয়ে উঠতে পারে আকর্ষণীয় এক গন্তব্য।
তবে মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়ার সামনে বড় চ্যালেঞ্জ। ডারউইনে বাংলাদেশের পেসারদের দাপটে মাত্র ১৯৮ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয় স্বাগতিকরা। বিপরীতে বাংলাদেশের ব্যাটাররা দারুণভাবে লড়াই করে নয় উইকেটের জয় নিশ্চিত করেন।