শারমিন-স্বর্নার ফিফটিতে পাওয়া বাংলাদেশের পুঁজি তুড়ি মেরে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া

ক্রীড়া প্রতিবেদক

ব্যাটিং বিপর্যয়ে শারমিন আক্তার সুপ্তা ও স্বর্না আক্তারের ফিফটিতে বাংলাদেশ নারী দল শেষ ওয়ানডেতে গুটিয়ে যায় দুইশোর আগে। মামুলি ওই পুঁজি সাম্লাতে অস্ট্রেলিয়ান ব্যাটারদের সামনে প্রতিরোধই গড়তে পারলেন না টাইগ্রেস বোলাররা। স্বাগতিকদের দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বড় ব্যবধানে হেরে মাঠ ছাড়ল বাংলাদেশ।

বুধবার ব্রিসবেনের অ্যালান বর্ডার স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের সিরিজে তাই হোয়াইটওয়াশ হলো নিগার সুলতানা জ্যোতির দল। আগে ব্যাটিং পেয়ে দুই ফিফটিতে বাংলাদেশ করতে পারে ১৭২ রান। মাত্র ২২.৪ ওভার ব্যাট করেই ওই পুঁজি পেরিয়ে যায় অজিরা।

Ellyse Perry powers the ball away, Australia vs Bangladesh, 3rd ODI, Brisbane, October 14, 2026দলের বিপর্যয়ে শারমিন ৯৩ বলে ৫০ ও স্বর্না ৭১ বলে করেন ৫৪ রান। অস্ট্রেলিয়া দুই ওপেনারকে হারিয়ে ওই রান তুলে তুড়ি মেরে। অভিজ্ঞ অ্যালিসা পেরি ৬৪ বলে অপরাজিত থাকেন ৬৫ রানে। অ্যানাবেল সাদারল্যান্ড মাত্র ৫২ বলে করেন ৭৪ রান। 

টস হেরে ব্যাট করতে নেমে ৪৫ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে লাল সবুজের প্রতিনিধিরা। এরপর খাদের কিনার থেকে দলকে টানার চেষ্টা করেন শারমিন, পরে যোগ দেন স্বর্ণা। তবে উইকেটের পরিস্থিতির তুলনায় তাদের রান তোলার গতি মাননসই ছিলো না। লড়াইয়ের অবস্থাও তাই হয়নি। 

বাংলাদেশের দেওয়া ১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কোনো বেগই পেতে হয়নি অজিদের। টাইগ্রেস বোলারদের কোনো সুযোগ না দিয়ে বিশাল এ জয় তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ নারী দলকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া।