সিটির কাছে বিধ্বস্ত হওয়ার পর ক্ষমা চাইলেন ফন ডাইক

স্পোর্টস ডেস্ক

ম্যানচেস্টার সিটির বিপক্ষে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে বিধ্বস্ত হওয়ার পর সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন ভার্জিল ফন ডাইক। লিভারপুলের এই অভিজ্ঞ ডাচ ডিফেন্ডার অকপটে স্বীকার করেছেন যে, ম্যাচ চলাকালীন তার দল হাল ছেড়ে দিয়েছিল।

গতকাল শনিবার ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে লিভারপুলকে ৪-০ গোলে গুঁড়িয়ে এফএ কাপের সেমিফাইনালে পৌঁছায় ম্যান সিটি। প্রথমার্ধের শেষদিকে আর্লিং হালান্ড জোড়া লক্ষ্যভেদ করেন। আর দ্বিতীয়ার্ধের শুরুতে অ্যান্টোয়ান সেমেনিও জাল খুঁজে নেওয়ার পর এই নরওয়েজিয়ান স্ট্রাইকার হ্যাটট্রিক পূর্ণ করেন।

ম্যাচের শুরুতে দারুণ কিছু সুযোগ তৈরি করলেও পিছিয়ে পড়ার পর খেই হারায় লিভারপুল। আর ঘুরে দাঁড়িয়ে লড়াইয়ে ফিরতে পারেনি তারা। সেখানে বড় দায় আছে ফন ডাইকেরও। নিকো ও'রাইলিকে অলরেডদের ডি-বক্সে তিনি ফেলে দিলে পেনাল্টি মেলে সিটির। ৩৯তম মিনিটে স্পট-কিক থেকে জাল কাঁপাতে হালান্ড ভুল করেননি। এরপর আর তাকে থামানো যায়নি।

নিজের দায় অবশ্য স্বীকার করে নিয়েছেন ফন ডাইক। পাশাপাশি লিভারপুলের অধিনায়ক স্পষ্ট করে জানিয়েছেন যে, এই ব্যর্থতার ভার তার সতীর্থদেরও সমানভাবে নিতে হবে, 'আমরা যা খেলেছি, বিশেষ করে দ্বিতীয়ার্ধে— সেজন্য আমি সমর্থকদের কাছে কেবল ক্ষমাই চাইতে পারি। বিরতির পর অবশ্যই ড্রেসিংরুম থেকে আমরা ইতিবাচক মানসিকতা নিয়েই মাঠে নেমেছিলাম। লক্ষ্য ছিল, যত দ্রুত সম্ভব গোল শোধ করে ব্যবধান ২-১ করে ফেলা, যাতে ম্যাচের চিত্র বদলে দেওয়া যায়।'

তিনি যোগ করেছেন, 'কিন্তু ঘটল ঠিক তার উল্টোটা। ৩-০ গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরে আসাটা স্পষ্টতই ভীষণ কঠিন। তবে কোনো অবস্থাতেই হাল ছেড়ে দেওয়া উচিত নয়, আর সম্ভবত একটি নির্দিষ্ট পর্যায়ে সেটিই ঘটেছিল। আমরা আমাদের সমর্থকদের হতাশ করেছি, হতাশ করেছি নিজেদের আর কোচকেও। বিশেষ করে দ্বিতীয়ার্ধে আমরা যেভাবে খেলেছি, তা প্রত্যেকের জন্যই যন্ত্রণাদায়ক। ব্যক্তিগতভাবে আমি ভীষণ ব্যথিত হয়েছি।'

লিভারপুলের এমন অসহায় আত্মসমর্পণ ডাচ কোচ আর্নে স্লটের জন্য একটি বড় ধাক্কা। ম্যান সিটির সমর্থকরা তাকে লক্ষ্য করে 'কাল সকালেই তুমি বরখাস্ত হচ্ছো' বলে স্লোগান দেয় ম্যাচ চলাকালীন।

আগামী বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির মুখোমুখি হবে লিভারপুল। সমালোচকদের মুখ বন্ধ করতে ওই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই স্লটের সামনে।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে গত সাত ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জিতেছে লিভারপুল। গত মৌসুমের শিরোপাজয়ীরা বর্তমানে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করা নিয়েও ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে। এটি স্লটের জন্য এক নাটকীয় পতন। কারণ ঠিক ১২ মাস আগেই তিনি অলরেডদের ২০তম লিগ শিরোপা জেতানোর দ্বারপ্রান্তে ছিলেন।